
সিলেট টেস্ট সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। একই সঙ্গে তিনি পাকিস্তান দলের অবস্থান নিয়ে খোলামেলা মন্তব্য করেন। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বিশ্লেষণে তিনি বলেন, বাংলাদেশের ধৈর্য ও মানসিকতারও একটা পরীক্ষা হওয়া উচিত। তাদের জানা উচিত তারা কার বিরুদ্ধে খেলছে।
তিনি আরও বলেন, টেস্ট ক্রিকেটে পাকিস্তানের একটা সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। বিশ্বকে জানানো উচিত যে আমরা লড়াই করে ঘুরে দাঁড়াতে জানি। রাস্তাটা অত্যন্ত কঠিন, তবে ‘অসম্ভব’ বলে কিছু নেই। পাকিস্তান দল এতটাই অবিশ্বাস্য যে, তাদের একটা ভালো দিন বা দুটি ভালো সেশন পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে।
বাংলাদেশের উন্নতি নিয়েও কথা বলেন রমিজ রাজা। তিনি মনে করেন, বাংলাদেশের খেলায় ধারাবাহিক উন্নতি দেখা যাচ্ছে। বিশেষ করে ব্যাটিংয়ে দায়িত্বশীলতা এবং বোলিং আক্রমণে নিয়ন্ত্রণ তাদের এগিয়ে দিয়েছে। তার মতে, বিদেশের মাঠে বাংলাদেশ এখন আর সহজে হার মানে না, বরং প্রতিটি ম্যাচে লড়াই করে।
তিনি বলেন, বাংলাদেশ এই সিরিজে অনেক দিক থেকেই পাকিস্তানকে শিক্ষা দিয়েছে। ব্যাটিংয়ে কীভাবে ধৈর্য ধরে ইনিংস গড়তে হয়, ফিল্ডিংয়ে কীভাবে চাপ তৈরি করতে হয় এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়, এসব দিকেই বাংলাদেশ ভালো করেছে।
রমিজ রাজা আরও বলেন, বাংলাদেশের বোলিং আক্রমণ এখন অনেক বেশি কার্যকর। বিশেষ করে তরুণ পেসারদের গতি ও আক্রমণাত্মক মানসিকতা প্রতিপক্ষের জন্য চাপ তৈরি করছে। তার মতে, এই উন্নতি বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে সাহায্য করছে।
অন্যদিকে পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে তিনি সমালোচনাও করেন। তার মতে, গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল সিদ্ধান্ত, সুযোগ হাতছাড়া করা এবং ধারাবাহিকতার অভাব দলকে পিছিয়ে দিয়েছে। এসব কারণেই ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাত থেকে বেরিয়ে গেছে।
রমিজ রাজা পাকিস্তান দলকে পুনর্গঠনের পরামর্শ দেন। তিনি বলেন, দলে নতুন খেলোয়াড় আনা দরকার এবং তরুণদের আরও সুযোগ দিতে হবে। একই সঙ্গে তিনি মনে করেন, দলের মানসিকতা আরও শক্ত করতে হবে, না হলে বড় ম্যাচে প্রতিযোগিতা করা কঠিন হবে।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৬/টিএ



















