
বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। ব্যাটিং ব্যর্থতা, মানসিক দুর্বলতা এবং নাহিদ রানার গতির সামনে পাকিস্তানি ব্যাটারদের অসহায় অবস্থার কথা তুলে ধরে তিনি বলেছেন, এই সিরিজে বাংলাদেশ এখন শক্তিশালী দলে পরিণত হয়েছে।
নিজের বিশ্লেষণে রমিজ বলেন, এই উইকেটে পাকিস্তানের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। তার মতে, প্রথম ইনিংসে পাকিস্তানের অন্তত ২৭০ থেকে ২৭৫ রান করা প্রয়োজন ছিল। কিন্তু ব্যর্থতার কারণে বাংলাদেশ লিড পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।
পাকিস্তান দলের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রমিজের মতে, কঠিন পরিস্থিতিতে হাল ছেড়ে দিলে চলবে না। বরং দলকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বলেন, এখন প্রতিটি খেলোয়াড়ের উচিত নিজেদের সেরাটা দেওয়া, কারণ দলের সম্মান অনেকটাই নির্ভর করছে এই লড়াইয়ের ওপর।
বাংলাদেশ দলের প্রশংসা করে রমিজ বলেন, এই সিরিজে তারা চ্যাম্পিয়নের মতো খেলছে। তার মতে, বাংলাদেশ এখন আর সহজ প্রতিপক্ষ নয়, বরং পূর্ণ শক্তির একটি দল হিসেবে নিজেদের প্রমাণ করছে।
পাকিস্তানের সিনিয়র ক্রিকেটারদের ব্যর্থতাও দলের ওপর বড় প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি। বিশেষ করে অভিজ্ঞ খেলোয়াড় ও অধিনায়কের রান না পাওয়ায় পুরো দলের আত্মবিশ্বাসে ধাক্কা লাগছে।
নাহিদ রানাকে নিয়ে আলাদা করে সতর্কবার্তাও দিয়েছেন রমিজ। তিনি বলেন, পাকিস্তানি ব্যাটাররা যদি শর্ট বল ও গতির বিপক্ষে নিজেদের উন্নত করতে না পারে, তাহলে নাহিদ রানা তাদের জন্য বড় হুমকি হয়েই থাকবে। তার গতি পাকিস্তানের ব্যাটারদের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে।
শরীরী ভাষার দিক থেকেও পাকিস্তান দলকে পিছিয়ে দেখছেন সাবেক এই অধিনায়ক। তার মতে, ব্যাটারদের আত্মবিশ্বাসী দেখাতে হবে, নাহলে প্রতিপক্ষ আরও বেশি সুবিধা পাবে।
সব মিলিয়ে রমিজ রাজার বিশ্লেষণে স্পষ্ট, এই সিরিজে বাংলাদেশ নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, আর পাকিস্তানকে ঘুরে দাঁড়াতে হলে মানসিকতা, কৌশল ও পারফরম্যান্সে বড় পরিবর্তন আনতেই হবে।
ক্রিফোস্পোর্টস/১৮মে২৬/টিএ






















