
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৭ জুন মিরপুরে অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গ্রহণ শেষে ফলাফলও ঘোষণা করা হবে।
আজ প্রধান নির্বাচন কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্বাচনের পূর্ণ তফসিল প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ চলবে।
তফসিল অনুযায়ী নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হবে। এর মধ্যে ১৭ মে বিকেল চারটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৮ মে ওই তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ১৯ মে আপত্তির শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র কার্যক্রম শুরু হবে ২০ ও ২১ মে। ওই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। এরপর ২১ ও ২২ মে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং একই দিন প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ২৪ মে আপিল গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। পরদিন ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ডাক ব্যালটের জন্য আবেদনও ওই দিনই শেষ হবে।
ঈদুল আজহার ছুটি শেষে ১ জুন থেকে আবার নির্বাচনী কার্যক্রম শুরু হবে। ওই দিন থেকে ডাক ব্যালট পাঠানো শুরু হবে, যা চলবে ৬ জুন পর্যন্ত। ডাক ব্যালট গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ জুন দুপুর ১টা পর্যন্ত।
নির্বাচনের দিন সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও ২ জন পরিচালক যুক্ত হবেন। পরে এই ২৫ জন পরিচালক একত্রিত হয়ে একজন সভাপতি নির্বাচন করবেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কর্তৃপক্ষ। এতে আরও রয়েছেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।
ক্রিফোস্পোর্টস/১৭মে২৬/টিএ






















