
সিলেটে আজ দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। খেলা শুরু হবে সকাল ১০ টায়। এই টেস্ট জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে টাইগার শিবির। জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে প্রথমবারের মতো ঘরের মাটিতে সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতবে শান্তরা।
তবে এই টেস্টে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। প্রথম দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ, দ্বিতীয় দিনে ৯০. তৃতীয় দিনে ৬০, চতুর্থ দিনে ৬০ ও পঞ্চম দিনে ৯০ শতাংশ। যা উভয় দলের জন্য চিন্তার কারণ।
সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে গতকাল দুদলই অনুশীলন করেছে। বাংলাদেশ দল একাডেমি মাঠে অনুশীলন করতে পারলেও পাকিস্তানকে অনুশীলন করতে হয়েছে ইনডোরে, কারণ বেরসিক বৃষ্টি।
সংবাদ সম্মেলনে সিলেটের আবহাওয়া নিয়ে মুশফিকুর রহিম বলেন, ‘যে সময় খেলা হচ্ছে, আমাদের এখানে এটা বর্ষা মৌসুমই ধরে। সৌভাগ্য যে, বৃষ্টির পরও মিরপুরে ফলাফল এসেছে। এখানে একটা জিনিস ভালো, মিরপুরের মতো এখানেও ড্রেনেজ সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস। বিসিএলে ম্যাচেও চার দিন রাতে অনেক বৃষ্টির পরও প্রতিদিন সাড়ে ৯টায় ম্যাচ শুরু হতো। এছাড়াও সিলেটের সুযোগ-সুবিধা নিয়ে এই অভিজ্ঞ ব্যাটার বলেন, ‘এখানে সুযোগ-সুবিধাও বাংলাদেশের ওয়ান অব দ্য টপ ক্লাস। উইকেটের কোয়ালিটি বলুন, হোটেল বলুন বা খাবার।’
দ্বিতীয় টেস্টের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম।
ক্রিফোস্পোর্টস/১৬মে২৬/এনডি






















