Connect with us
ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে ভারতকে টপকানোর সুযোগ

Bangladesh have a chance to overtake India in the World Test Championship standings.
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। ছবি- এপি

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০৪ রানে জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান ২০২৫-২৭ চক্রে এটিই টাইগারদের প্রথম জয়। এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে বেশ উন্নতি করেছে নাজমুল হোসেন শান্তর দল। এবার ভারতকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।

মিরপুর টেস্ট জিতে পয়েন্ট টেবিলে দুইধাপ এগিয়েছে বাংলাদেশ। তাতে ইংল্যান্ড ও পাকিস্তানকে টপকে ছয় নম্বরে উঠেছে টাইগাররা। চলতি চক্রে সবমিলিয়ে তিন ম্যাচে এক জয় ও এক ড্রয়ের বিপরীতে এক ম্যাচে হেরেছে তারা। তাতে বাংলাদেশের জয়ের হার ৪৪.৪৪ শতাংশ।

এবার ভারতকে ছাড়িয়ে পাঁচে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। ৯ ম্যাচে ৪৮.১৫ শতাংশ জয়ের হার নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে ভারত। আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টে পাকিস্তানকে হারাতে পারলেই ভারতকে পেছনে ফেলে পাঁচ নম্বরে উঠে যাবে নাজমুল হোসেন শান্তর দল।



আগামীকাল সকাল ১০টা মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। তবে এই টেস্ট ঘিরে শঙ্কা বাড়াচ্ছে বৃষ্টি। সিলেট টেস্টের পাঁচ দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে খেলা পণ্ড হলে ড্রয়ের দিকে গড়াতে পারে ম্যাচ। এর আগে মিরপুর টেস্টেও বৃষ্টির বাগড়া ছিল। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের বোলারদের কল্যাণে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছিল টাইগাররা।

এদিকে দ্বিতীয় টেস্টের আগে এক দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ধীরে বোলিংয়ের কারণে ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে তাদের। তাতে একধাপ পিছিয়ে শতকরা ১১.১১ শতাংশ পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছে শান মাসুদের দল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে শতকরা ৮৭.৫০ শতাংশ জয়ের হার নিয়ে শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৭৭.৭৮ শতাংশ জয়ের হার নিয়ে দুইয়ে আছে নিউজিল্যান্ড। ৭৫ শতাংশ জয়ের হার নিয়ে তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ৬৬.৬৭ শতাংশ জয়ের হার নিয়ে চারে শ্রীলঙ্কা। এছাড়া একধাপ এগিয়ে সাতে উঠে আসা ইংল্যান্ডের জয়ের হার ৩১.৬৭ শতাংশ।

ক্রিফোস্পোর্টস/১৫মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট