
মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্টে বাধা দিয়েছিল বৃষ্টি। ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টির কারণে বেশকিছু সময় খেলা বন্ধ ছিল। যার ফলে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবণা জেগেছিল। তবে পঞ্চম দিন কোনো বাগড়া দেয়নি বৃষ্টি। শেষ পর্যন্ত পাকিস্তানকে ১০৪ রান হারিয়ে জয় তুলে নেয় টাইগাররা।
বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট হবে সিলেটে। তবে সিলেট টেস্টে বড় শঙ্কা জাগাচ্ছে বৃষ্টি। সিলেটে বৃষ্টির শঙ্কা থাকায় দ্বিতীয় টেস্ট সিলেট থেকে সরিয়ে ঢাকায় পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত বিসিবি জানিয়ে দেয়, সিলেটেই হবে দ্বিতীয় টেস্ট।
তবে সিলেটে গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আজ (শুক্রবার) ম্যাচের আগের দিনও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এই গুঁড়িগুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে টাইগারদের অনুশীলন করতে দেখা গেলেও পাকিস্তানের ক্রিকেটাররা ইনডোরে অনুশীলন করেছে। তাই ম্যাচের পাঁচ দিনে বৃষ্টির প্রভাব কেমন থাকবে সেটা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, সিলেট টেস্টের পাঁচ দিনই বাগড়া দিতে পারে বৃষ্টি। বিশেষ করে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। আগামীকাল (শনিবার) প্রথম দিন বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৮৯ শতাংশ। মেঘাচ্ছন্নতা থাকতে অয়ারে ৯৫ শতাংশ। আর আনুমানিক বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে প্রায় ১১.৭ মিলিমিটার। যার ফলে প্রথম দিন খেলা মাঠে গড়ানো নিয়ে বড় শঙ্কা জেগেছে।
রবিবার মাঠে গড়াবে দ্বিতীয় দিনের খেলা। তবে সেদিন বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে। দ্বিতীয় বৃষ্টিপাতের সম্ভাবনা ৭৯ শতাংশ। এছাড়া মেঘাচ্ছন্নতা ৮১ শতাংশ এবং আনুমানিক ৮.৭ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সোমবার তৃতীয় দিন বৃষ্টির সম্ভাবনা আরও কমে আসবে। সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৬০ শতাংশ।
তবে মঙ্গলবার চতুর্থ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবার বাড়বে। সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৯৮ শতাংশ। একইসঙ্গে ব্জ্রপাতের সম্ভাবনাও রয়েছে ৭২ শতাংশ। এছাড়া মেঘাচ্ছন্নতা ৮৭ শতাংশ এবং আনুমানিক ৩১.৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বুধবার শেষ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। পঞ্চম দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাত্র ১৯ শতাংশ।
ক্রিফোস্পোর্টস/১৫মে২৬/বিটি



















