Connect with us
ফুটবল

আনচেলত্তির চুক্তি বাড়াল ব্রাজিল, থাকছেন ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ আনচেলত্তি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের আগেই কার্লো আনচেলত্তির ওপর দীর্ঘমেয়াদি আস্থা রাখল ব্রাজিল ফুটবল ফেডারেশন। নতুন চুক্তির মাধ্যমে ইতালিয়ান এই কোচ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্বে থাকবেন।

অনেক দিন ধরেই আনচেলত্তির চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। গত রাতে ব্রাজিল ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানায়, আগামী চার বছরের জন্য তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

ফেডারেশনের সভাপতি সামির জাউদ বলেন, এই সিদ্ধান্ত ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় পদক্ষেপ। তাঁর মতে, আনচেলত্তির নেতৃত্বে দল আরও শক্তিশালী, আধুনিক ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।



রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ২০২৫ সালের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেন আনচেলত্তি। শুরুতে তাঁর চুক্তি ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তবে বিশ্বকাপ শুরুর আগেই তাঁর মেয়াদ বাড়িয়ে দিল ব্রাজিল।

চুক্তি নবায়নের পর আনচেলত্তি বলেন, ব্রাজিলে এসে তিনি ফুটবলের প্রতি মানুষের গভীর ভালোবাসা অনুভব করেছেন। এই দায়িত্ব আরও দীর্ঘ সময় পালন করতে পেরে তিনি আনন্দিত এবং ফেডারেশনের আস্থার জন্য কৃতজ্ঞ।

আগামী ১৮ মে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ দল ঘোষণা করবেন আনচেলত্তি। ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। এরপর স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে খেলবে তারা।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা।

২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন মেক্সিকোয়। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে। এবারই প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ।

ক্রিফোস্পোর্টস/১৫মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল