
বল হাতে দারুণ সময় পার করছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। টাইগারদের হয়ে সাদা বলের পাশাপাশি লাল বলেও দাপিয়ে বেড়াচ্ছেন এই এক্সপ্রেস পেসার। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। এবার তারই পুরস্কার পেলেন এই গতিতারকা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বল হাতে আগুন ঝড়িয়ে এবার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন রানা। ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন এই পেসার।

২০২৬ সালের এপ্রিলের সেরা ক্রিকেটার নাহিদ রানা। ছবি- আইসিসি
আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়ী হিসেবে রানার নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত বছর এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন মেহেদি হাসান মিরাজ। এই অলরাউন্ডারের জেতার এক বছর পর এবার সম্মানজনক এই পুরস্কার জিতলেন রানা।
প্রথমবারের মতো এই পুরস্কার জয়ের পর রানা বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসির মাসসেরা হওয়াটা দারুণ অনুভূতি। ঘরে মাটিতে এমন পারফরম্যান্স করতে পারায় সিরিজটা আমার জন্য আরও বিশেষ হয়ে থাকবে।’
এই পেসার আরও বলেন, ‘আমার সতীর্থরা সবসময় আমাকে সবসময় সমর্থন ও বিশ্বাস দিয়ে গেছেন। এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আশা করি সামনেও আমার দলের জন্য আরও বিজয় ও স্মরণীয় মুহূর্ত তৈরিতে অবদান রাখতে পারব।’
গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন রানা। কিউইদের ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পেছনে বড় অবদান ছিল তার। ৩ ম্যাচে এক ফাইফারসহ ৮ উইকেট শিকার করেন এই এক্সপ্রেস পেসার। যেখানে তার গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি ছিল ৪.৪৬।
ক্রিফোস্পোর্টস/১৪মে২৬/বিটি



















