
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিদেশি সমর্থকদের জন্য বড় স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের টিকিট কেনা বিদেশি নাগরিকদের জন্য ১৫ হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড বা জামানত জমা দেওয়ার শর্ত স্থগিত করেছে মার্কিন প্রশাসন। ফলে খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া হাজারো সমর্থকের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ হয়ে গেল।
এর আগে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় এই বন্ড জমা দেওয়ার নিয়ম চালু করা হয়েছিল। প্রশাসনের দাবি ছিল, নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা বেশি। সেই কারণে নিরাপত্তা ও অভিবাসন নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়। ভিসার শর্ত মেনে নির্ধারিত সময়ে নিজ দেশে ফিরলে জমা রাখা অর্থ ফেরত দেওয়া হতো।
তবে বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনকে সামনে রেখে শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসেছে মার্কিন সরকার। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে জানায়, বিশ্বকাপের টিকিট কেনা এবং অংশগ্রহণের যোগ্য বিদেশি দর্শকদের ক্ষেত্রে এই বন্ড শর্ত আর প্রযোজ্য হবে না।
বর্তমানে প্রায় ৫০টি দেশের নাগরিকদের ওপর এই বন্ড নীতি কার্যকর রয়েছে। এর মধ্যে বিশ্বকাপে জায়গা পাওয়া আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার সমর্থকদের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। নতুন সিদ্ধান্তে এসব দেশের ফুটবলপ্রেমীরা আর অতিরিক্ত আর্থিক বাধার মুখে পড়বেন না।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সহকারী সচিব মোরাহ নামদার জানিয়েছেন, ইতিহাসের সবচেয়ে বড় ও সফল ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র। সে কারণেই যোগ্য সমর্থকদের জন্য এই বন্ড শর্ত তুলে নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিশেষ ভিসা প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়া সমর্থকরাই এই সুবিধা পাবেন।
ফিফাও এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বিশ্বকাপ আয়োজন সফল করতে যুক্তরাষ্ট্র সরকার ও হোয়াইট হাউজের সঙ্গে চলমান সহযোগিতার ফল এটি। ফুটবল সমর্থকদের জন্য আরও সহজ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর ফলে বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করা বিদেশি সমর্থকদের আর্থিক চাপ কমবে, ভিসা প্রক্রিয়া সহজ হবে এবং বৈশ্বিক এই ক্রীড়া উৎসবে অংশ নেওয়া আরও অনেকের জন্য বাস্তবসম্মত হয়ে উঠবে।
ক্রিফোস্পোর্টস/১৪মে২৬/টিএ





















