Connect with us
ফুটবল

হেক্সা মিশন সফলের লক্ষ্যে ব্রাজিলকে নতুন যে মন্ত্র দিলেন আনচেলত্তি

ব্রাজিলের হেক্সা জয়ের মন্ত্র খুঁজে পেয়েছেন আনচেলত্তি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল দলকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, ব্রাজিলের মূল সমস্যা প্রতিভার অভাব নয়, বরং খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ। এই চাপ অনেক সময় তাদের স্বাভাবিক আনন্দ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস নষ্ট করে দেয়।

রিও ডি জেনিরোতে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ব্রাজিলের ফুটবলে প্রতিভার ঘাটতি নেই। বরং খেলোয়াড়দের মানসিকভাবে আরও শক্ত হতে হবে। ছোট ভুলকে বড় বিপর্যয় হিসেবে দেখলে দল এগোতে পারবে না। চাপকে ভয় না পেয়ে সেটিকে ইতিবাচক শক্তিতে পরিণত করার পরামর্শ দেন তিনি।

আনচেলত্তির মতে, ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় শক্তি হলো সৃষ্টিশীলতা, আনন্দ ও প্রাণশক্তি। এই বৈশিষ্ট্য কখনো হারানো উচিত নয়। তবে আধুনিক ফুটবলে সফল হতে হলে এর সঙ্গে প্রয়োজন সংগঠন, শৃঙ্খলা, পারস্পরিক বোঝাপড়া ও দলগত মানসিকতা।



তিনি বলেন, ব্রাজিলের মানুষের স্বাভাবিক প্রাণশক্তি ও ঐক্যের চিত্র তিনি দেশটির উৎসব-সংস্কৃতিতে দেখেছেন। জাতীয় দলেও সেই একই মনোভাব দেখতে চান। তার লক্ষ্য এমন একটি দল তৈরি করা, যারা আনন্দ নিয়ে খেলবে, তবে একই সঙ্গে থাকবে পরিকল্পিত ও সংগঠিত।

আনচেলত্তি মনে করেন, সাম্প্রতিক কিছু ব্যর্থতার কারণে ব্রাজিলের ফুটবল ঐতিহ্য হারিয়ে যায়নি। এখনও দেশটি বিশ্বের অন্যতম সেরা প্রতিভা তৈরি করে যাচ্ছে। তবে বিশ্ব ফুটবলের পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হলে কৌশলগত উন্নতি জরুরি।

বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, এবার কোনো দলই এককভাবে পরিষ্কার ফেবারিট নয়। যে দল সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী, সংগঠিত ও মানসিকভাবে দৃঢ় থাকবে, তারাই শেষ পর্যন্ত সফল হবে।

ব্রাজিলের লক্ষ্যও স্পষ্ট বলে জানিয়েছেন এই অভিজ্ঞ কোচ। তার ভাষায়, বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরতে হলে ব্রাজিলকে আবার বিশ্বকাপ জিততেই হবে।

ক্রিফোস্পোর্টস/১৪মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল