
আগামী জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। আসন্ন এই সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই দলের বড় চমক ইতালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এমিলিও গে।
মূলত এমিলিও গে জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক হলেও তার মা ইতালীয়। আর সেই সূত্রেই ইতালির নাগরিকত্ব পান তিনি। গত বছর ইতালির আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের হয়ে অভিষেক ঘটে তার। ইতালির জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান কোয়ালিফায়ারে খেলেছিলেন তিনি। এবার ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেলেন ২৬ বছর বয়সী এই ওপেনার।
বেডফোর্ড শহরে জন্ম ও বেড়ে ওঠা গে’র। অনেকদিন ধরেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলছেন তিনি। তাছাড়া ইংল্যান্ডের ‘এ’ দলের হয়েও গত বছর খেলেন এই ওপেনার। চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। ডারহামের হয়ে ৮ ইনিংসে ৩ সেঞ্চুরি ও এক ফিফটিতে করেছেন ৫৫২ রান। ব্যাটারদের রানের তালিকায় দুইয়ে আছেন তিনি।
ইতালির হয়ে অভিষেক হওয়ার পর বিপিএল খেলতে বাংলাদেশেও এসেছিলেন গে। তাকে দলে নিয়েছিল রংপুর রাইডার্স। যদিও রংপুর রাইডার্সের হয়ে অভিষেক হয়নি তার।
এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য আরও ২ নতুন মুখ সনি বেকার ও জেমস রিউ। বেকার এর আগে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন। তবে ইংল্যান্ডের জার্সিতে গে’র সঙ্গে অভিষেকের অপেক্ষায় রিউ। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন বেন স্টোটকস। তার নেতৃত্বেই কিউইদের মোকাবিলা করবে ইংলিশরা।
আগামী ৪ জুন লর্ডসে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরপর ১৭ জুন কেনিংটন ওভালে দ্বিতীয় টেস্ট এবং ২৫ জুন ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
প্রথম টেস্টে ইংল্যান্ডের স্কোয়াড :
বেন স্টোকস (অধিনায়ক), জ্যাকব বেথেল, জেমস রিউ, এমিলিও গে, রেহান আহমেদ, হ্যারি ব্রুক, ওলি রবিনসন, গাস অ্যাটকিনসন, বেন ডাকেট, জো রুট, সনি বেকার, ম্যাথিউ ফিশার, জেমি স্মিথ, শোয়েব বশির ও জশ টাং।
ক্রিফোস্পোর্টস/১৩মে২৬/বিটি




















