Connect with us
ক্রিকেট

বিসিবি নির্বাচন

আইনজীবী, পুলিশ, সচিব নিয়ে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

BCB
বিসিবি নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। বুধবার বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই কমিশন গঠন করা হয়েছে। গঠিত কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে পুরো প্রক্রিয়ার সব কার্যক্রম তদারকি করবে।

নতুন এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম।



কমিশনের অন্য দুই সদস্য হিসেবে রাখা হয়েছে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ. বি. এম. এহসানুল মামুনকে।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে এবং প্রযোজ্য সব নিয়ম, নীতিমালা ও সাংগঠনিক বিধান অনুসরণ করে নির্বাচন পরিচালনা করবে। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে কমিশন।

ক্রিকেট বোর্ডের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে আগেই নির্বাচনের বিষয়ে দ্রুত অগ্রসর হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। বিসিবির অন্তর্বর্তী কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, বোর্ডের হাতে ৯০ দিন সময় থাকলেও তারা ৬০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করতে চান।

সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন গঠনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে বিসিবির নতুন নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে দেশের ক্রিকেট অঙ্গনের।

ক্রিফোস্পোর্টস/১৩মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট