Connect with us
ফুটবল

ইতিহাসে প্রথম নারী স্পোর্টস ডিরেক্টর নিয়োগ জার্মান ক্লাবের

প্রথম নারী স্পোর্টস ডিরেক্টর নিয়োগ দিল হামবুর্গ। ছবি: সংগৃহীত

জার্মানির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগার ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে হামবুর্গ। প্রথমবারের মতো কোনো ক্লাব স্থায়ীভাবে নারী ক্রীড়া পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে ক্যাথলিন ক্রুগারকে। মঙ্গলবার এই নিয়োগের ঘোষণা দেয় ঐতিহ্যবাহী জার্মান ক্লাবটি।

৪০ বছর বয়সী ক্রুগার দীর্ঘদিন বায়ার্ন মিউনিখে কাজ করার অভিজ্ঞতা নিয়ে হামবুর্গে যোগ দিচ্ছেন। প্রায় দুই দশক ধরে জার্মানির সফলতম ক্লাবগুলোর একটি বায়ার্নের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ দলটির সাংগঠনিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

হামবুর্গ এক বিবৃতিতে জানিয়েছে, ক্রুগার তার কর্মজীবনে পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তি, ইউপ হাইনকেস ও হান্সি ফ্লিকের মতো বিশ্বখ্যাত কোচদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ফুটবল পরিচালনা ও দল গঠনের ক্ষেত্রে তার অভিজ্ঞতা ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছে হামবুর্গ।



নতুন দায়িত্ব পেয়ে ক্রুগার নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, হামবুর্গের মতো জার্মান ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবের দায়িত্ব পাওয়া তার জন্য বড় সম্মানের। তিনি ক্লাবটির ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।

ক্রুগার শুধু প্রশাসনিক ভূমিকাতেই নন, খেলোয়াড় হিসেবেও পরিচিত ছিলেন। বায়ার্ন মিউনিখের হয়ে তিনি ৩৩টি বুন্দেসলিগা ম্যাচ খেলেছেন। তবে মাত্র ২৪ বছর বয়সে খেলোয়াড়ি জীবন শেষ করে ক্লাব প্রশাসনে যুক্ত হন। এরপর ধীরে ধীরে নিজের দক্ষতা ও নেতৃত্বগুণে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছান।

গত জানুয়ারিতে হামবুর্গের সাবেক ক্রীড়া পরিচালক স্টেফান কুন্টজ দায়িত্ব ছাড়েন। তার শূন্যস্থান পূরণেই ক্রুগারকে নিয়োগ দেওয়া হয়েছে।

জার্মান ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব হামবুর্গ দীর্ঘ সাত মৌসুম দ্বিতীয় বিভাগে কাটানোর পর সম্প্রতি আবার বুন্দেসলিগায় ফিরেছে। আগামী মৌসুমেও শীর্ষ লিগে খেলা নিশ্চিত করেছে দলটি। এমন গুরুত্বপূর্ণ সময়ে ক্লাবটির ক্রীড়া পরিচালনায় নতুন ইতিহাস গড়লেন ক্যাথলিন ক্রুগার।

এই নিয়োগ শুধু হামবুর্গের জন্য নয়, পুরো জার্মান ফুটবলের জন্যও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নারীদের নেতৃত্বে বড় দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল।

ক্রিফোস্পোর্টস/১৩মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল