Connect with us
ক্রিকেট

টেস্টে বাংলাদেশের সফলতম অধিনায়ক এখন শান্ত

Shanto is now Bangladesh’s most successful Test captain.
নাজমুল হোসেন শান্ত। ছবি- এএফপি

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে এক নতুন কীর্তি গড়লেন নাজমুল হোসেন শান্ত। দলকে নেতৃত্ব দেওয়ার প্রায় আড়াই বছরের মাথায়ই টেস্টের সফলতম অধিনায়ক বনে গেলেন তিনি। টাইগারদের অধিনায়ক হিসেবে যৌথভাবে সর্বোচ্চ টেস্ট জয়ের পাশাপাশি জয়ের শতকরার হিসাবে এখন সবচেয়ে সফলতম অধিনায়ক শান্ত।

মিরপুর টেস্টের আগে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি টেস্ট জিতিয়েছেন মুশফিকুর রহিম। তার নেতৃত্বে ৭টি টেস্ট জিতেছে টাইগাররা। এবার মুশফিকের এই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন শান্ত। মিরপুর টেস্টে পাকিস্তানের পরাজয়ের মধ্য দিয়েই শান্তর নেতৃত্বে সপ্তম টেস্ট জয় পেয়েছে টাইগাররা।

তবে মুশফিকের চেয়ে অর্ধেক ম্যাচে নেতৃত্ব দিয়েই বাংলাদেশকে ৭টি জয়ে এনে দিয়েছেন শান্ত। তার নেতৃত্বে ১৭টি ম্যাচের মধ্যে ৭টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। আর এক ম্যাচ ড্র এবং ৯টি ম্যাচে হেরেছে টাইগাররা। অন্যদিকে মুশফিকের নেতৃত্বে ৩৪ ম্যাচে ৭টি জয় পেয়েছে বাংলাদেশ। আর ৯ ড্রয়ের বিপরীতে ১৮টি ম্যাচে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।



টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়ের দিক থেকে যৌথভাবে শীর্ষে আছেন শান্ত ও মুশফিক। তালিকার পরের অবস্থানে আছেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে ১৯ ম্যাচে ৪টি জয় পেয়েছে বাংলাদেশ। আর মুমিনুলের নেতৃত্বে ১৭ ম্যাচে ৩টি জয় এসেছে। এছাড়া একটি জয় এসেছে হাবিবুল বাশার সুমন, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে।

তবে বাংলাদেশকে কমপক্ষে ১০ টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জয়ের শতকরার হিসাবে সবার ওপরে আছেন শান্ত। তার জয়ের হার ৪১.১৭ শতাংশ। এই হিসাবে দুইয়ে আছেন সাকিব। তার জয়ের হার ২১.০৫ শতাংশ। তিনে আছেন মুশফিক। তার জয়ের হার ২০.৫৮ শতাংশ। এছাড়া মুমিনুল অধিনায়ক হিসেবে ১৭.৬৪ শতাংশ ম্যাচে জয় পেয়েছেন।

ক্রিফোস্পোর্টস/১২মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট