
স্পেনের ঘরোয়া ফুটবলে দাপটে থাকলেও হান্সি ফ্লিকের নজর এখন আরও উঁচুতে। পর পর দুবার লা লিগা জিতে বার্সেলোনা এখন স্পেনের সেরা ক্লাব, কিন্তু জার্মান কোচের একমাত্র লক্ষ্য এখন মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন। রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করার রাতেই ফ্লিক স্পষ্ট করেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জয়ই তার আগামী মৌসুমের মূল মিশন।
হান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকেই বার্সেলোনার ভাগ্য বদল শুরু হয়েছে। ফ্লিক আসার আগে পাঁচ মৌসুমে ক্লাবটি জিতেছিল মাত্র একটি ট্রফি। সেখানে ফ্লিকের অধীনে দুই মৌসুমেই এসেছে পাঁচটি শিরোপা।
গত মৌসুমে— লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ।
চলতি মৌসুমে— লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।
সাফল্যের এই পরিসংখ্যান ঈর্ষণীয় হলেও, চ্যাম্পিয়ন্স লিগের খরা বার্সা সমর্থকদের মনে এখনও ক্ষত হয়ে রয়েছে। ২০১৫ সালের পর থেকে আর ইউরোপ সেরা হতে পারেনি কাতালান এই ক্লাবটি। গতবার ইন্টার মিলান এবার আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।
ফ্লিকের দুই বড় স্বপ্ন
রোববার রাতে এল ক্লাসিকো জয়ের পর নিজের লক্ষ্য জানিয়ে দিয়েছেন ফ্লিক। তিনি বলেন, আমার দুটো লক্ষ্য। প্রথমত, চ্যাম্পিয়ন্স লিগ জেতা। দ্বিতীয়ত, সংস্কারের পর নতুন ক্যাম্প ন্যু স্টেডিয়ামে দলকে কোচিং করানো।
দলবদলের বাজারে নতুন পরিকল্পনা
বার্সা কোচ স্বীকার করেছেন, দলের কিছু জায়গায় এখনও ঘাটতি রয়েছে। ইনিগো মার্টিনেজ সৌদি আরবে চলে যাওয়ার পর সেন্ট্রাল ডিফেন্সে বিশেষজ্ঞ ব্যাকের অভাব বোধ করছে দল। যদিও জেরার্ড মার্টিন ও এরিক গার্সিয়া পরিস্থিতি সামাল দিয়েছেন, তবে একজন দক্ষ ডিফেন্ডার আনা বেশ জরুরি।
আক্রমণভাগে রবার্ট লেওয়ানডস্কি ও ফেরান টোরেস গোল পেলেও হ্যারি কেন বা উসমান দেম্বেলের মতো বিধ্বংসী ফর্মের অভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে মার্কাস র্যাশফোর্ডের অন্তর্ভুক্তি দলকে কিছুটা অক্সিজেন দিয়েছে, বিশেষ করে বড় ম্যাচে গোল করার দক্ষতায়।
আর্থিক সংকটের কারণে বড় অঙ্কের ট্রান্সফারের সুযোগ কম বার্সেলোনার। ফলে জাভির দেখানো পথেই লা মাসিয়া অ্যাকাডেমির ওপর ভরসা রাখছেন ফ্লিক। জাভি এসপার্ট ও টমি মারকুইসের মতো প্রতিভাবান তরুণদের মূল দলে নিয়ে আসার পরিকল্পনা করছেন তিনি।
ফ্লিক জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগে বড় দলের বিরুদ্ধে জিততে হলে তারুণ্যের জোশ আর অভিজ্ঞতার ঠান্ডা মাথার সমন্বয় প্রয়োজন। এল ক্লাসিকো জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে এবার ইউরোপ জয়ের ছক কষছেন এই মাস্টার ট্যাকটিশিয়ান।
ক্রিফোস্পোর্টস/১১মে২৬/এসএ























