
মিরপুর টেস্টে তৃতীয় দিনের পর আজ (সোমবার) চতুর্থ দিনেও দিয়েছে বৃষ্টি। তবে আজ বৃষ্টিতে পুরো দ্বিতীয় সেশনের খেলাই ভেস্তে গেছে। তবে খেলার সময় বর্ধিত করে ৫টা ৪৫ পর্যন্ত করা হলেও আলোক স্বল্পতায় কিছুটা আগেই খেলা শেষ হয়েছে। তাতে পুরো দিনে ৫০ ওভারও ব্যাট করতে পারেনি টাইগাররা।
আগের দিন কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলেছিল বাংলাদেশ। আজ চতুর্থ দিনের খেলা শেষে সবমিলিয়ে ৫০.৩ ওভার ব্যাট করে ৩ উইকেটে ১৫২ রান করেছে স্বাগতিকরা। তাতে ১৭৯ রানের লিড নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। দলীয় ১৫ রানের মাথায় বিদায় নেন মাহমুদুল হাসান জয়৷ এবারও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। ২৬ বল মোকাবিলা করে মাত্র ৫ রানে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার। আরেক ওপেনার সাদমানও ব্যর্থ হয়েছেন। দলীয় ২৩ রানে তিনিও প্যাভিলিয়নের পথে হাঁটেন। তা ব্যাট থেকে আসে ২২ বলে ১০ রান।
ওপেনারদের ব্যর্থতার পর এবারও ইনিংসের হাল ধরেন শান্ত ও মুমিনুল। তাদের জুটিতেই প্রথম সেশনের খেলা শেষ করে টাইগাররা। তবে মধ্যাহ্নভোজ বিরতিতে যাওয়ার পরই শুরু হয় বৃষ্টি। তাতে ভেস্তে যায় দ্বিতীয় সেশনের খেলা। পুনরায় খেলা শুরু হয়ে ৩টা ৪৫ মিনিটে। এরপর শান্ত ও মুমিনুলের জুটিতে দলীয় শতরান পেরোয় টাইগাররা।
এই জুটিতেই ফিফটি তুলে নেন শান্ত ও মুমিনুল। তবে ১০৫ রান যোগ করার পর গুরুত্বপূর্ণ এই জুটির সমাপ্তি ঘটে। ১২০ বলে ৪ চারের মারে ৫৬ রানের এক ইনিংস খেলে বিদায় নেন মুমিনুল। আগের ইনিংসে ৯১ রান করেন তিনি। তবে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শান্তও এখনও ক্রিজে আছেন। চতুর্থ দিনের খেলা সমাপ্ত হওয়ার আগে মুশফিকক ও শান্ত মিলে আরও ২৪ রান যোগ করেন।
আগামীকাল (মঙ্গলবার) নাজমুল হোসেন শান্ত ৫৮ এবং মুশফিকুর রহিম ১৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করবেন। তবে শেষদিনের খেলা কিছুটা আগে শুরু হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময় সকাল ১০টা হলেও ১৫ মিনিট আগে ৯টা ৪৫ মিনিটে শুরু হবে পঞ্চম দিনের খেলা।
ক্রিফোস্পোর্টস/১১মে২৬/বিটি




















