Connect with us
ক্রিকেট

আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল মুম্বাই-লখনৌ

প্লে অফের দৌড় থেকে বিদায় নিল মুম্বাই-লখনৌ। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্লে-অফের লড়াই আরও স্পষ্ট হয়ে উঠেছে। রোববারের দুই গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে একদিনেই বিদায় নিশ্চিত হয়েছে দুই দলের। লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স আর কোনোভাবেই শেষ চারে জায়গা করে নিতে পারবে না।

দিনের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে প্লে-অফের আশা শেষ হয়ে যায় লখনৌর। পরে সন্ধ্যার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজিত হয়ে একই পথে হাঁটে মুম্বাইও। ফলে একই দিনে দুটি দলের বিদায় নিশ্চিত হওয়ায় পয়েন্ট তালিকার সমীকরণ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে।

১১ ম্যাচ শেষে লখনৌ ও মুম্বাই দু’দলেরই সংগ্রহ ৬ পয়েন্ট। সামনে থাকা সব ম্যাচ জিতলেও তারা সর্বোচ্চ ১২ পয়েন্টে পৌঁছাতে পারবে। কিন্তু ইতোমধ্যে চতুর্থ স্থানে থাকা পাঞ্জাব কিংসের সংগ্রহ ১৩ পয়েন্ট। তাই গাণিতিক হিসাবেও এই দুই দলের আর শেষ চারে ওঠার সুযোগ নেই।



লখনৌর জন্য এটি বড় হতাশার মৌসুম। শক্তিশালী দল গড়েও তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে অধিনায়ক ঋষভ পন্তের পারফরম্যান্স হতাশ করেছে সমর্থকদের। বড় অঙ্কের অর্থে দলে ভেড়ানো হলেও তিনি দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি।

অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যর্থতাও এবার স্পষ্ট। ২০২১ সালের পর থেকে দলটি ধারাবাহিকভাবে নিজেদের পুরোনো সাফল্যের ধারায় ফিরতে পারছে না। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বেও দলটি কাঙ্ক্ষিত স্থিরতা দেখাতে ব্যর্থ হয়েছে।

বর্তমানে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স। চতুর্থ স্থানে থাকা পাঞ্জাব কিংসও নিজেদের অবস্থান শক্ত করেছে।

দুই দলের বিদায়ের পর এখন প্লে-অফের জন্য লড়াই করবে বাকি আটটি দল। আসরের শেষ ভাগে প্রতিটি ম্যাচই তাই হয়ে উঠছে আরও গুরুত্বপূর্ণ। শেষ চারে জায়গা নিশ্চিত করতে সামনে কঠিন প্রতিযোগিতাই অপেক্ষা করছে দলগুলোর জন্য।

ক্রিফোস্পোর্টস/১১মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট