
চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকোয় আজ (রোববার) রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। হাইভোল্টেজ এই ম্যাচে রিয়ালকে হারাতে পারলেই লা লিগার শিরোপা জয়ের উৎসবে মেতে উঠবে বার্সা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার কয়েক ঘন্টা আগে কাতালান শিবিরে নেমে এসেছে শোকের ছায়া।
ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে বাবা হারিয়েছেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। একইসঙ্গে জার্মান এই কোচ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাবটি।
বার্সেলোনার বিবৃতিতে বলা হয়েছে, ‘হ্যান্সি ফ্লিকের বাবার মৃত্যুর ঘটনায় এফসি বার্সেলোনা এবং পুরো ব্লাউগ্রানা পরিবার গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা তার শোক ভাগ করে নিচ্ছি। ফ্লিক ও তার পরিবারের এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি।’
আজ রাতে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলেই ফ্লিকের অধীনে টানা দ্বিতীয় লা লিগার শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা। এখন পর্যন্ত ২৮ বার লা লিগার শিরোপা জিতেছে ব্লাউগ্রানারা। এবার ২৯তম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে কাতালান এই ক্লাবটি।
তবে বাবা হারানোর শোক নিয়েই গুরুত্বপূর্ণ এই ম্যাচে বার্সেলোনার ডাগআউটে থাকবেন ফ্লিক। মার্কার তথ্য অনুযায়ী, বার্সেলোনা স্কোয়াড এবং কোচিং স্টাফকে এই তথ্যই জানিয়েছেন ফ্লিক। জার্মানিতে ফিরে পরে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। তবে আপাতত হাইভোল্টেজ এই এল ক্লাসিকোর জন্য বার্সার ডাগআউটেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন জার্মান এই কোচ।
আজ (১০ মে) দিবাগত রাত ১টায় স্পটিফাই ক্যাম্প ন্যুয়ে এল ক্লাসিকোয় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
ক্রিফোস্পোর্টস/১০মে২৬/বিটি























