
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতে। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সফরকারীরা। তবে তৃতীয় দিন বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই পাকিস্তানকে অলআউট করে লিডও পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে নিয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছুঁতে পারেনি সফরকারীরা। তাসকিন-মিরাজদের বোলিং তোপে ৩৮৬ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। তাতে ২৭ রানের লিড পেয়েছে শান্তর দল।
পাকিস্তানের হয়ে আগের দিন ক্রিজে ছিলেন আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। আজ রোববার (১০ মে) তৃতীয় দিনের খেলা শুরু করতে নেমে আরও ৩১ রান যোগ করেন তারা। আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা আজান সেঞ্চুরি তুলে নেন। পাকিস্তানের হয়ে অভিষেক ম্যাচেই সেঞ্চুরির দেখা পান এই তরুণ ওপেনার। আরেক অভিষিক্ত ব্যাটার ফজলও ফিফটি তুলে নেন।
এরপরেই আঘাত হানে বাংলাদেশ। দলীয় ২১০ রানে সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে ১০৪ রানের জুটি ভেঙে দেন তাসকিন। ১৬৫ বলে ১০৩ রান করে বিদায় নেন আজান। এরপর পাকিস্তান অধিনায়ক আগা সালমানকে সেট হওয়ার আগেই বিদায় করেন তাসকিন। ২২৬ রানের মাথায় পয়েন্টে সাদমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

দলকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। ছবি- বিসিবি
তাসকিনের পর আঘাত হানেন মিরাজ। পরেই ওভারেই সৌদ শাকিলকে রানের খাতার খোলার আগেই বিদায় করেন তিনি। এরপর সেট ব্যাটার ফজলকেও সাজঘরে ফেরান মিরাজ। ২১০ থেকে ২৩০ রানের মধ্যে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।
দ্রুত চারটি উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে পাকিস্তান। তবে এই বিপদ থেকে দলকে উদ্ধার করেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। ষষ্ঠ উইকেট জুটিতে ১১৯ রানের দারুণ এক জুটি গড়েন তারা। দলীয় ৩৪৯ রানের মাথায় রিজওয়ানকে বিদায় করে এই জুটি ভাঙেন তাইজুল। ৭৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে ফেরেন রিজওয়ান।
এরপর আরেক সেট ব্যাটার সালমান আগাকে বিদায় করেন নাহিদ রানা। ৯৪ বলে ৫৮ রান করে বিদায় নেন তিনি। এরপর নোমান আলী ও শাহীন আফ্রিদিকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন মিরাজ। আর হাসান আলীকে ফিরিয়ে পাকিস্তান ইনিংসের সমাপ্তি ঘটান তাইজুল।

টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফাইফার তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ছবি- বিসিবি
মিরাজ ১০২ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন ও তাইজুল। এছাড়া একটি উইকেট নেন নাহিদ রানা।
দিনের শেষভাগে ব্যাট করতে নেমে ১.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। তাতে তৃতীয় দিন শেষে ৩৪ রানের লিড পেয়েছে টাইগাররা। আগামীকাল (সোমবার) চতুর্থ দিনের খেলা শুরু করবেন মাহমুদুল হাসান জয় (২*) ও সাদমান ইসলাম (০*)।
ক্রিফোস্পোর্টস/১০মে২৬/বিটি




















