
মিরপুর টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনে ধৈর্যের সঙ্গে লড়াই করেছে পাকিস্তান। তবে চা বিরতির ঠিক আগে মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি পেয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই সেশন শেষ হয়। ৬ উইকেটে ৩৪৯ রান নিয়ে চা বিরতিতে যায় পাকিস্তান। এখনও ৬৪ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
৫ উইকেটে ২৫১ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে পাকিস্তান। শুরুতে কিছুটা সতর্ক থাকলেও ধীরে ধীরে রান বাড়ান সালমান আলী আঘা ও মোহাম্মদ রিজওয়ান। দুজন মিলে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের চাপ সামাল দেন। ধৈর্যের সঙ্গে ব্যাট করে দলকে এগিয়ে নিতে থাকেন তারা।
বাংলাদেশের বোলাররা নিয়মিত চাপ তৈরি করলেও সহজে সুযোগ দেননি দুই ব্যাটার। তবে সেশনের শেষ দিকে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে আউট হন রিজওয়ান। তাইজুল ইসলামের বলে বিদায় নেওয়ার আগে ৭৯ বলে ৫৯ রান করেন তিনি।
রিজওয়ানের বিদায়ে বাংলাদেশ কিছুটা স্বস্তি পেলেও সালমান আলী আঘা ৫৫ রানে এখনও অপরাজিত আছেন। ঝিরিঝিরি বৃষ্টির কারণে আম্পায়াররা নির্ধারিত সময়ের আগেই চা বিরতির ঘোষণা দেন।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার মেহেদী হাসান মিরাজ, তিনি নিয়েছেন ৩ উইকেট। তাসকিন আহমেদ পেয়েছেন ২টি এবং তাইজুল ইসলামের শিকার ১ উইকেট।
এর আগে প্রথম সেশনে খেলা হয়েছে ২৫ ওভার। সেখানেও চালকের আসনে ছিল বাংলাদেশ। গতকাল ১উইকেট হারিয়ে দুই সেশন শেষ করা পাকিস্তান এদিন প্রথম সেশনেই ৪ উইকেট হারিয়ে ৭২ রান করতে পেরেছে। সাজঘরে ফিরেছেন আজান আওয়াইস, শান মাসুদ, সৌদ শাকিল এবং আব্দুল্লাহ ফজল।
এদিকে, তৃতীয় দিনের প্রথম সেশনটা আরও ভালো হতে পারত! তাসকিন আহমেদের বলে কিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছিলেন সালমান। তাসকিনও উইকেট পাওয়ার উদযাপন করছিলেন কিন্তু আম্পায়ার নো বল ডাকায় বেঁচে যান সালমান। নো বলে সালমান আলী আঘার বেঁচে যাওয়াটাই বাংলাদেশের জন্য বিপদ হয়ে দাড়িয়েছে কি না সে প্রশ্ন করা যেতেই পারে।
ক্রিফোস্পোর্টস/১০মে২৬/টিএ



















