
ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে ব্যাটারদের দাপটে ছিল রানের উৎসব। একের পর এক ম্যাচে দেখা গেছে বড় ইনিংস, ঝড়ো অর্ধশতক ও একাধিক সেঞ্চুরি। দিনের সবচেয়ে আলোচিত ইনিংস খেলেছেন নাঈম শেখ। তার ব্যাটে এসেছে ১২টি ছক্কা, সঙ্গে দারুণ এক শতক।
ইউল্যাব মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে ১৩৬ বলে ১৪৫ রান করেন নাঈম। পাঁচটি চার ও ১২টি ছক্কায় সাজানো তার ইনিংসে বড় সংগ্রহ পায় দল। ইয়াসির আলী রাব্বিও খেলেছেন ৪৪ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস। অধিনায়ক তাওহীদ হৃদয় করেন ৩৫ রান। দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩৪৫।
পিকেএসপির ২ নম্বর মাঠে আবাহনী লিমিটেডের হয়ে ঝড় তোলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাত্র ৪০ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৮৩ রান এবং এস এম মেহরব হাসান করেন ৭৭ রান। আবাহনীর সংগ্রহ ২৮৩।
ক্রিকেটার্স একাডেমি মাঠে বসুন্ধরা স্ট্রাইকার্সের হয়ে ব্যাটিং বিপর্যয় সামলে সামনে থেকে নেতৃত্ব দেন নুরুল হাসান সোহান। ৬০ বলে ৭৩ রানের ইনিংসে ছয়টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। তার ইনিংসে ভর করে দল গড়ে ২৩৫ রান।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে গুলশানের হয়ে সেঞ্চুরি করেন শাহাদত হোসেন সবুজ। পাঁচ নম্বরে নেমে ১২১ বলে ১৩২ রানে অপরাজিত থাকেন তিনি। শাহরিয়ার সাকিব যোগ করেন ৭৫ রান। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে গুলশানের সংগ্রহ দাঁড়ায় ৩০১।
বিকেএসপির ৪ নম্বর মাঠে ঢাকা লেওপার্ডসের হয়ে দুর্দান্ত শতক করেন জাকির হাসান। ১৩৪ বলে ১৩৭ রান করে দলকে ৩০৭ রানের বড় সংগ্রহ এনে দেন তিনি। একই দিনে হাবিবুর রহমান সোহানের ৬১ রানের ইনিংসে লিজেন্ডস অব রূপগঞ্জও শক্ত অবস্থান গড়ে।
তৃতীয় রাউন্ডের দিনে দেশের ঘরোয়া ক্রিকেটে ব্যাটারদের আধিপত্য ছিল স্পষ্ট। একাধিক বড় ইনিংস ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে দর্শকরা পেয়েছেন রোমাঞ্চকর এক দিন।
ক্রিফোস্পোর্টস/১০মে২৬/টিএ



















