
বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে বিশেষ এক কীর্তিতে নাম লেখালেন পাকিস্তানের তরুণ ব্যাটার আজান আওয়াইজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রথম টেস্ট খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে শতরান পূর্ণ করেন তিনি।
শনিবার প্রথম দিনের খেলা শেষে ৮৫ রানে অপরাজিত ছিলেন আজান। তার ব্যাটে ভর করেই শক্ত ভিত গড়েছিল পাকিস্তান। দ্বিতীয় দিনের শুরুতেই দারুণ আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করতে থাকা এই ডানহাতি ব্যাটার নাহিদ রানার বলে এক রান নিয়ে পৌঁছে যান কাঙ্ক্ষিত শতকে। ১৫৩ বলে ১৪টি চার মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।
আজানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগোয় পাকিস্তান। আব্দুল্লাহ ফজলের সঙ্গে তার জুটি দলকে মজবুত অবস্থানে নিয়ে যায়। ৫৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২০৩ রান।
বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার ঘটনা এর আগেও দেখা গেছে, তবে পাকিস্তানের ক্ষেত্রে এটি তৃতীয়। প্রথম পাকিস্তানি হিসেবে ২০০১ সালে মুলতানে বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম টেস্টেই শতরান করেছিলেন ওপেনার তৌফিক উমর।
এরপর ২০০৩ সালে করাচিতে অভিষেক ম্যাচে আরও বড় কীর্তি গড়েন ইয়াসির হামিদ। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। প্রথম ইনিংসে ১৭০ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১০৫ রানে। অভিষেক টেস্টে জোড়া সেঞ্চুরির সেই কীর্তি এখনও ক্রিকেট ইতিহাসে বিরল অর্জন হিসেবে বিবেচিত।
দীর্ঘ সময় পর এবার সেই বিশেষ তালিকায় নিজের নাম যুক্ত করলেন আজান আওয়াইজ। বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে তিনি শুধু ব্যক্তিগত মাইলফলকই ছুঁয়েছেন না, পাকিস্তানের ক্রিকেট ইতিহাসেও গড়েছেন স্মরণীয় এক অধ্যায়।
ক্রিফোস্পোর্টস/১০মে২৬/টিএ




















