
মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করে চলেছেন বৈভব সূর্যবংশী। প্রতিদিন যেন নতুন করে নিজের নাম লিখছেন রেকর্ডের পাতায়। আইপিএলে এরই মধ্যে দ্রুততম ভারতীয় সেঞ্চুরির রেকর্ড গড়া এই তরুণ এবার টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার বিশ্ব রেকর্ড গড়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।
শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ছিলেন সূর্যবংশী। মোহাম্মদ সিরাজের করা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিজের ছন্দের জানান দেন তিনি। সেই ছক্কার মাধ্যমেই মাত্র ৫১৪ বল খেলে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন এই ভারতীয় ব্যাটার। এত কম বলে এই কীর্তি আর কেউ গড়তে পারেননি। একই সঙ্গে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবেও এই রেকর্ড নিজের করে নেন তিনি।
ম্যাচে মাত্র ১৬ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যবংশী। তার ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। পাওয়ার প্লের মধ্যেই তিনটি ছক্কা মারার মাধ্যমে আইপিএলের এক মৌসুমে প্রথম ছয় ওভারে সর্বোচ্চ ৩০ ছক্কার নতুন রেকর্ডও গড়েন তিনি। এর আগে এই রেকর্ড ছিল অভিষেক শর্মার দখলে, যিনি ২০২৪ সালে ২৯টি ছক্কা মেরেছিলেন।
এর আগেও আইপিএলে একাধিক নজির গড়েছেন সূর্যবংশী। দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করার পাশাপাশি ৪০ বলের কম খেলে দুটি সেঞ্চুরি করা প্রথম ব্যাটারও তিনি। এত অল্প বয়সে এমন ধারাবাহিক পারফরম্যান্স তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে আলাদা করে তুলছে।
তবে সূর্যবংশীর রেকর্ডময় দিনে জয় পায়নি তার দল রাজস্থান রয়্যালস। গুজরাট টাইটান্স আগে ব্যাট করে দুই ওপেনার সাই সুদর্শনের ৫৫ ও অধিনায়ক শুবমান গিলের ৮৪ রানের দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহ গড়ে।
২৩০ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থানের ব্যাটাররা শুরুতে কিছুটা লড়াই করলেও পরে গুজরাটের বোলারদের সামনে ভেঙে পড়ে। আফগান লেগস্পিনার রশিদ খান দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া জেসন হোল্ডারও ১২ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ পর্যন্ত ১৫২ রানেই অলআউট হয় রাজস্থান।
দল হারলেও সূর্যবংশীর ব্যাটে আবারও নতুন ইতিহাস লেখা হলো। বয়স মাত্র ১৫, কিন্তু তার ব্যাটিং ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটে বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। ধারাবাহিকভাবে রেকর্ড গড়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটেও বড় কিছু করার সামর্থ্য রয়েছে তার।
ক্রিফোস্পোর্টস/১০মে২৬/টিএ





















