
আগের ম্যাচের হতাশা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে টরন্টোকে ৪-২ গোলে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে দলটি। ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুইটি গোলে সহায়তা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
গত ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও নাটকীয়ভাবে ৪-৩ ব্যবধানে হেরেছিল মায়ামি। তাই টরন্টোর মাঠে জয় ছিল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামি প্রতিপক্ষকে চাপে রাখে।
ম্যাচের ৪৪তম মিনিটে রদ্রিগো দে পলের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ফ্রি-কিক থেকে ফিরে আসা বল দারুণ ভলিতে জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে মায়ামির আক্রমণ। ৫৬তম মিনিটে মেসির নিখুঁত পাস থেকে ব্যবধান ২-০ করেন লুইস সুয়ারেস।
৬৮তম মিনিটে বদলি হিসেবে নামার মাত্র চার মিনিট পর দলের তৃতীয় গোলটি করেন সের্হিও রেগিলন। মেসির সঙ্গে চমৎকার পাস আদান-প্রদানের পর গোল করে ব্যবধান আরও বাড়ান তিনি।
৭৫তম মিনিটে নিজের দুর্দান্ত নৈপুণ্যে গোল করেন মেসি। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে দে পলের সঙ্গে পাস বিনিময় শেষে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান বিশ্বকাপজয়ী এই তারকা।
৮০তম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেলেও গোলরক্ষকের দারুণ সেভে বঞ্চিত হন তিনি।
ম্যাচের শেষদিকে টরন্টো ৮২ ও ৯০তম মিনিটে দুইটি গোল শোধ করে কিছুটা চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।
এই জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের পয়েন্ট ২৩। মেসির ধারাবাহিক ভালো পারফরম্যান্সে শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখল মায়ামি।
ক্রিফোস্পোর্টস/১০মে২৬/টিএ























