Connect with us
ক্রিকেট

মিরপুর টেস্ট

বোলিংয়ে হতাশ করল বাংলাদেশ, দ্বিতীয় দিনটা পাকিস্তানের

Bangladesh disappoint with the ball as Pakistan dominate the second day.
বাংলাদেশ বনাম পাকিস্তান। ছবি- সংগৃহীত

চলমান মিরপুর টেস্টের প্রথম দিনটা ছিল বাংলাদেশের। শুরুর বিপত্তির পরও ৪ উইকেটে ৩০১ রান করে প্রথম দিন শেষ করেছিল টাইগাররা। তবে দ্বিতীয় দিন এসে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। সফরকারীদের বোলিং তোপে ৪১৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে দারুণ বোলিং এবং পরের দুই সেশনে দুর্দান্ত ব্যাটিং করে দিন পার করেছে শান মাসুদের দল। 

আজ শনিবার (৯ মে) বাংলাদেশের দেয়া ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলেছে পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে ২৩৪ রানে পিছিয়ে সফরকারীরা।

পাকিস্তানের হয়ে ক্রিজে আছেন দুই অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। অভিষেক ম্যাচেই সেঞ্চুরির পথে আজান। ১৩৩ বলে ১২ চারের মারে ৮৫ রান করে অপরাজিত আছেন এই ওপেনার। অপরপ্রান্তে ফজল ৭৮ বলে ৩৬ রানে অপরাজিত। এছাড়া ইমাম উল হক ৭২ বলে ৪৫ রান করে ফিরেছেন।



এদিন ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলতে থাকে পাকিস্তান। বাংলাদেশের পেস আক্রমণকে বেশ ভালোভাবেই মোকাবিলা করে তারা। অবশ্য নবম ওভারেই নাহিদ রানার বলে এলবিডব্লুর শিকার হয়ে ফিরতে পারতেন ইমাম উল হক। তবে আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। পরবর্তীতে বাংলাদেশের পেসাররা অনেক চেষ্টা করে উইকেটের দেখা পাচ্ছিলেন না। তাতে উদ্বোধনী জুটিতে শতরান তুলে নেয় সফরকারীরা।

টাইগার পেসারদের হতাশার দিনে দলকে একমাত্র উইকেটটি এনে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ইনিংসের ২২তম ওভারে ইমমাকে এলবিডব্লুর শিকার বানিয়ে প্যাভিলিয়নে ফেরান মিরাজ৷ তবে এরপর আর কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। আজান ও ফজল মিলে ১৪৫ বলে ৭৩ রানের জুটি গড়ে দ্বিতীয় দিন পার করেন।

এর আগে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এই জুটিতে আজ আরও ৩৭ রান যোগ করার পর বিদায় নেন লিটন। ৬৭ বলে ৩৩ রান করেন তিনি। এরপর আসা-যাওয়ার মধ্যেই থাকে বাংলাদেশের ব্যাটাররা। মিরাজ এসে ১০ এবং তাইজুল ১৭ রান করে বিদায় নেন। কারও যোগ্য সঙ্গ না পেয়ে শেষ পর্যন্ত মুশফিকও বিদায় নেন। ১৭৯ বলে ৭১ রান করেন তিনি। এছাড়া শেষদিকে তাসকিনের ১৯ বলে ২৮ রানের ক্যামিওতে চার পেরোতে সক্ষম হয় স্বাগতিকেরা।

Mohammad Abbas Fifer

ফাইফার তুলে নেন মোহাম্মদ আব্বাস। ছবি- বিসিবি

পাকিস্তানের হয়ে ফাইফার তুলে নিয়েছেন মোহাম্মদ আব্বাস। ৩৪ ওভারে ৮ মেডেনসহ ৯২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই পেসার। ৩১ ওভারে ৮ মেডেনসহ ১১৩ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া একটি করে উইকেট নেন হাসান আলী ও নোমান আলী।

আগামীকাল (রোববার) সকাল ১০টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।

ক্রিফোস্পোর্টস/৯মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট