
আফগানিস্তান ক্রিকেটের জন্য এক বড় দুঃসংবাদই দিলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড-ইসিবি। আইসিসির কোনো ইভেন্ট ছাড়া আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ইংল্যান্ড ক্রিকেট দল। এ খবরে বেশ চিন্তায় পড়েছে রশিদ-নবী-গুলবেদিনরা।
জানা গেছে আফগানিস্তানি নারী ক্রিকেটারদের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা ও নারীদের অধিকার নিয়ে বর্তমান পরিস্থিতিকে সামনে এনে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন জানিয়েছেন, আফগানিস্তানে নারী ও কিশোরীদের শিক্ষা, জনজীবন এবং খেলাধুলায় অংশগ্রহণের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় তালেবান সরকারের সঙ্গে স্বাভাবিক ক্রীড়া সম্পর্ক বজায় রাখা উপযুক্ত নয় বলে মনে করে ইংল্যান্ড।
গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ১৬০ জন ব্রিটিশ এমপি। তবে সেটি ছিল আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের অংশ হওয়ায় ম্যাচটি খেলেছিল ইংল্যান্ড। ইসিবি তখনও জানিয়েছিল, আইসিসির ইভেন্টে একতরফাভাবে সরে দাঁড়ালে শাস্তির ঝুঁকি থাকে।
তবে বোর্ড এখন পরিষ্কার করে দিয়েছে, আইসিসির বাইরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ, বিশেষ করে টেস্ট সিরিজ আফগানিস্তানের সঙ্গে খেলবে না তারা।
এদিকে প্রস্তাবিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) প্রথমবারের মতো আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। নতুন কাঠামোয় ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে একই বিভাগে থাকতে পারে আফগানিস্তান। আইসিসির দেওয়া সূচি নির্ধারণের স্বাধীনতার মাধ্যমে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ এড়িয়ে চলার প্রস্তাব দিয়েছে ইসিবি।
ক্রিফোস্পোর্টস/৯মে২৬/এজে





















