Connect with us
ক্রিকেট

বিশ্বজয়ের বছরে কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার যাদব

Suryakumar Yadav and wife Devisha Shetty
সূর্যকুমার ও তার স্ত্রী দেবীশা শেঠি। ছবি- সংগৃহীত

মাঠের ক্রিকেটে বিশ্বজয়, ব্যক্তিগত জীবনে পিতৃত্বের স্বাদ—সব মিলিয়ে ২০২৬ সালটি যেন আশীর্বাদ হয়ে এলো ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের জীবনে। সূর্যকুমার ও তার স্ত্রী দেবীশা শেঠির কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, স্ত্রীর পাশে থাকতে চলতি সপ্তাহের শুরুতেই ক্রিকেট থেকে বিরতি নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ভারতের এই তারকা ব্যাটার। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল এই দম্পতির কন্যা সন্তান লাভের খবর।

যদিও এখন পর্যন্ত সূর্যকুমার বা দেবীশা তাদের সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি।



২০২৬ সাল সূর্যকুমারের ক্যারিয়ারের একটি মাইলফলক। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার এই বছরই ভারতকে ঘরের মাঠে তৃতীয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছেন। তার নেতৃত্বে আহমেদাবাদের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। বিশ্বজয়ের রেশ কাটতে না কাটতেই পরিবারে নতুন সদস্যের আগমনে খুশি সূর্য-ভক্তরা।

এদিকে এবারের আইপিএলে মুম্বাইয়ের হয়ে সূর্যকুমার কিছুটা ফর্মহীনতায় ভুগলেও দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে বেশ কিছু ম্যাচে মুম্বাইকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

তবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য মাঠের লড়াইটা মোটেও সুখকর হচ্ছে না। ১০ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জয় পেয়ে তারা বর্তমানে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে। লিগ পর্বের বাকি চারটি ম্যাচ জিতলেও মুম্বাইয়ের জন্য প্লে-অফের টিকিট পাওয়া এখন গাণিতিক হিসেব আর ভাগ্যের ওপর নির্ভর করছে।

ক্রিফোস্পোর্টস/৭মে২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট