
দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামীকাল (শুক্রবার) থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। তবে মাঠের লড়াই শুরু আগে কথার লড়াইয়ে মেতেছেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শান মাসুদ।
গত কয়েক বছরে পেস বিভাগে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। অতীতে বোলিং বিভাগ স্পিন নির্ভর হলেও এখন পেস বিভাগ নিয়েই বেশি আত্মবিশ্বাসী টাইগাররা। এমনকি সবশেষ কয়েকটি সিরিজেও স্পিনারদের তুলনায় পেসাররাই বেশি উইকেট শিকার করেছেন।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেও দলের পেস আক্রমণ নিয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। এমনকি তার দাবি, বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণ পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে আছে। ম্যাচের আগের দিন মিরপুরে সংবাদ সম্মেলনে এসে পেস আক্রমণ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমাকে জিজ্ঞেস করলে বলব, আমাদের পেস অ্যাটাক হয়ত সামান্য এগিয়ে আছে। গত কয়েক বছর ওরা যেভাবে বল করছে।’
বাংলাদেশ অধিনায়কের এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তবে শান্ত পেস আক্রমণ নিয়ে তুলনা করলেও মাসুদ কোনো তুলনায় যেতে চান না। বরং নিজের দলের পেস আক্রমণের ওপরই পূর্ণ আস্থা রাখছেন পাকিস্তান দলপতি।
মাসুদ বলেন, ‘তাদের শক্তি তাদের জায়গায়, আমাদের শক্তি আমাদের জায়গায়। আমরা শুধু আমাদের দলের শক্তি নিয়েই ভাবতে পারি। আমি মনে করি, আমাদের ১৬ জনের ভারসাম্যপূর্ণ এক স্কোয়াড আছে। তারা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত। আমরা কোনো তুলনায় যেতে চাই না। ওদেরও যেমন কোয়ালিটি আছে, তেমনি আমাদেরও কোয়ালিটি আছে।’
আগামীকাল (শুক্রবার) মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৭মে২৬/বিটি




















