
১৫ বছর বয়সে যেখানে অধিকাংশ কিশোর ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখে, তখন বৈভব সূর্যবংশী রীতিমতো বিশ্ব ক্রিকেটের ভিত নাড়িয়েছেন। এবারের আইপিএলে বুমরাহ, কামিন্স বা হ্যাজলউডের মতো বিশ্বসেরা বোলারদের শাসন করে ফের আলোচনার কেন্দ্রে এই তরুণ ক্রিকেটার। এর মধ্যে সাম্প্রতিক এক পডকাস্টে তার ক্যারিয়ারের স্থায়িত্ব নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
সম্প্রতি একটি পডকাস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এবং ফিল টাফনেল বৈভবের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মেতে ওঠেন। সেখানেই উঠে আসে তার অবসরের বিষয়টি।
ফিল টাফনেল মজার ছলে বলেন, ‘২১ বছর বয়সের মধ্যেই হয়তো এই ছেলেটি ক্লান্ত হয়ে যেতে পারে।’
জবাবে মাইকেল ভন যোগ করেন, ২১ বছরের মধ্যে বৈভব যা অর্থ উপার্জন করবেন, তাতে তিনি চাইলে স্বচ্ছন্দে অবসর নিতে পারেন।
ভনের মতে, বৈভব যেভাবে খেলছেন তাতে ক্রিস গেইলের দ্রুততম শতরানের রেকর্ড ভাঙা এখন সময়ের অপেক্ষা মাত্র।
তিনি বর্তমান বিশ্বের সেরা ছক্কা হাঁকানো ব্যাটার হিসেবেও বৈভবকে স্বীকৃতি দেন।
অবসর বা ক্লান্তির তত্ত্ব উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার অ্যালিস্টার কুক। তার মতে, বৈভবের খেলার ধরনই তাকে দীর্ঘজীবী করবে।
কুক বলেন, বৈভবকে ঘণ্টার পর ঘণ্টা ক্রিজে থাকতে হয় না; মাত্র ৩০-৪০টি বল খেলেই তিনি প্রতিপক্ষকে ধ্বংস করে ম্যাচ বের করে আনেন। তাই শারীরিক বা মানসিক ক্লান্তির সম্ভাবনা তার ক্ষেত্রে কম।
এদিকে আইপিএলের মঞ্চে বৈভব এখন এক আতঙ্কের নাম। তার উইকেটের চারদিকে শট খেলার ক্ষমতা দেখে স্তম্ভিত ক্রিকেট বিশেষজ্ঞরা। তার ঝুলিতে ইতোমধ্যে যুক্ত হয়েছে কিছু কীর্তি।
দ্রুততম শতরান : আইপিএল ইতিহাসের দ্রুততম তিনটি শতরানের মধ্যে দুটিই বৈভবের দখলে। তিনি মাত্র ৩৫ এবং ৩৬ বলে দুটি ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন।
ছক্কার রাজা : এক মৌসুমে ভারতীয় হিসেবে সর্বোচ্চ ৪২টি ছক্কা মারার রেকর্ড ছিল অভিষেক শর্মার। বৈভব ইতোমধ্যে ৩৭টি ছক্কা মেরে সেই রেকর্ডের কাছে দাঁড়িয়ে।
বোলারদের শাসন : জসপ্রীত বুমরাহ ও প্যাট কামিন্সের মতো বোলারদের অবলীলায় মাঠের বাইরে পাঠিয়ে নিজের জাত চিনিয়েছেন এই ক্রিকেটার।
২১ বছরে অবসর নেবেন নাকি শচীন-কোহলিদের মতো দীর্ঘ সময় রাজত্ব করবেন, তা সময়ই বলে দেবে।
ক্রিফোস্পোর্টস/৭মে২৬/এসএ




















