Connect with us
ফুটবল

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

হ্যাটট্রিক শিরোপা মিশনে থাইল্যান্ডের পথে বাংলাদেশ নারী ফুটবল দল

থাইল্যান্ডের পথে বাংলাদেশের মেয়েরা। ছবি: সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার সকালে ঢাকার বিমানবন্দর থেকে থাইল্যান্ডে যায় আফঈদা, ঋতুপর্ণাসহ পুরো দল।

জানা গেছে, থাইল্যান্ডে গিয়ে ২০ মে পর্যন্ত অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। এরপর ২১ মে তারা যাবে ভারতে। সেখানেই শুরু হবে এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্ব। প্রতিযোগিতা মাঠে গড়াবে ২৫ মে থেকে।

বাংলাদেশ নারী দল এর আগে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে। দুবারই ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জেতে তারা। এবার তাদের লক্ষ্য সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা তৃতীয়বার সাফ জয় করা।



এর আগে আসন্ন আসরকে সামনে রেখে বাংলাদেশ দল চট্টগ্রামের কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে দীর্ঘ সময় ক্যাম্প করেছে। সেখান থেকে ঢাকায় ফিরে দুই দফায় অনুশীলন সেশন সম্পন্ন করে তারা।

প্রস্তুতি পর্বে কোচিং স্টাফরা খেলোয়াড়দের ফিটনেস, কৌশল এবং ম্যাচ পরিকল্পনার ওপর বিশেষভাবে কাজ করেছেন। পাশাপাশি দলের সমন্বয় বাড়াতেও গুরুত্ব দেওয়া হয়েছে।

এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ভারতের গোয়ায়। বাংলাদেশ রয়েছে গ্রুপ পর্বে স্বাগতিক ভারত ও মালদ্বীপের সঙ্গে। শক্ত প্রতিপক্ষ থাকলেও শিরোপা ধরে রাখাই মূল লক্ষ্য বলে জানিয়েছে দল সংশ্লিষ্টরা।

ক্রিফোস্পোর্টস/৭মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল