
পাকিস্তান সুপার লিগের এবারের আসরে অল্প কয়েকটি ম্যাচ খেলেই নজর কেড়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। দুর্দান্ত বোলিং করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট রানাও।
জাতীয় দলের নিউজিল্যান্ড সিরিজ থাকায় পুরো টুর্নামেন্টে খেলা হয়নি নাহিদ রানার। মাঝপথে দল ছেড়ে জাতীয় দলের দায়িত্ব পালন করতে হয়েছিল তাকে। পরে আন্তর্জাতিক ব্যস্ততা শেষ করে আবারও যোগ দেন নিজের ফ্র্যাঞ্চাইজি দলে। ফাইনালেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডানহাতি পেসার।
শিরোপা নির্ধারণী ম্যাচে দুই উইকেট নেন রানা। তার শিকারদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলও। রানার দারুণ বোলিংয়ে চ্যাম্পিয়ন হয় তার দল পেশোয়ার জালমি।
পুরো আসরে মাত্র পাঁচ ম্যাচ খেলেই ৯ উইকেট নিয়েছেন তিনি। তার বোলিং গড় ছিল ১০ দশমিক ৮৮ এবং ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫ দশমিক ৪৪। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে জায়গা পেয়েছেন উইজডেনের পিএসএল সেরা একাদশেও।
নিজের সাফল্যের পেছনে পরিকল্পনা মেনে বোলিং করাকেই বড় কারণ হিসেবে দেখছেন রানা। পেশোয়ার জালমির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, সবকিছু স্বাভাবিক রেখে নিজের পরিকল্পনা অনুযায়ী বোলিং করার চেষ্টা করেছেন তিনি। তার পারফরম্যান্স দলের কাজে এসেছে বলেও মনে করেন এই পেসার।
অল্প ম্যাচ খেলেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরে খুশি রানা। পুরো টুর্নামেন্টে সমর্থন দেওয়ার জন্য পেশোয়ার জালমির সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।
পাকিস্তান সুপার লিগের এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে বড় স্বীকৃতিও পেয়েছেন বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার। ক্রিকেটের জনপ্রিয় সাময়িকী উইজডেন প্রকাশিত টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
এদিকে, পিএসএল শেষ করে এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মনোযোগ দিচ্ছেন নাহিদ রানা। আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দুই ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ক্রিফোস্পোর্টস/৭মে২৬/টিএ






















