Connect with us
ফুটবল

সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে আর্সেনাল। ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ইউরোপ সেরার মঞ্চের একদম শেষ ধাপে পৌঁছেছে আর্সেনাল। বুকায়ো সাকার একমাত্র গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ২০ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইংল্যান্ডের ক্লাবটি।

মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে জয় পায় আর্সেনাল। প্রথম লেগ ১-১ সমতায় শেষ হওয়ায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে ফাইনালের টিকিট নিশ্চিত করে মিকেল আর্তেতার দল।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্সেনাল। তবে আতলেতিকোর রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত। ফলে প্রথমার্ধের বেশিরভাগ সময় চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা।



অবশেষে প্রথমার্ধের শেষ মুহূর্তে আসে ম্যাচের একমাত্র গোল। ডান দিক থেকে ভিক্তর ইয়োকেরেশের বাড়ানো বলে লেয়ান্ড্রো ট্রসাডের শট প্রতিহত করেন আতলেতিকোর গোলরক্ষক। কিন্তু ফিরতি বলে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে বুকায়ো সাকা বল জালে পাঠালে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে আতলেতিকো। কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল স্প্যানিশ ক্লাবটি। বিশেষ করে জুলিয়ানো সিমেওনে একবার প্রায় নিশ্চিত গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। আর্সেনালের রক্ষণভাগ গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দৃঢ়তা দেখায়।

শেষ দিকে আলেকসান্দার সরলথও সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার শটও লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে ম্যাচে আর কোনো নাটকীয়তা হয়নি।

২০০৬ সালের পর এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল আর্সেনাল। সে বছর শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত বার্সেলোনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের।

আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল। সেখানে আর্সেনালের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজি। এবার ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের সামনে দাঁড়িয়ে ইংলিশ ক্লাবটি।

ক্রিফোস্পোর্টস/৬মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল