
গত মৌসুমে ভুটানের নারী লিগে খেলেছেন বাংলাদেশের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। এবার মিয়ানমারের নারী ফুটবলের শীর্ষ লিগে খেলার সুযোগ পেয়েছেন তিনি। বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে মিয়ানমারের লিগে খেলার সুযোগ পেয়েছেন এই ফরোয়ার্ড।
ঋতুপর্ণাকে দলে ভিড়িয়েছে মিয়ানমারের নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন আয়েয়াওয়াডি ইউনাইটেড। এই ক্লাবটির সঙ্গে তিন মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দেশের একটি সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা নিজেই চুক্তির বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আমি মিয়ানমারের লিগে খেলতে যাবো, চুক্তি হয়েছে।
গত বছর মিয়ানমারের মাঠে এশিয়ান কাপের বাছাইপর্বে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বাছাইপর্বে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে দুটি গোলই করেন ঋতুপর্ণা। সেখানে দুর্দান্ত পারফরম্যান্সের পরই হয়ত ক্লাবটির নজরে আসেন এই ফরোয়ার্ড।
দুই বছর আগে আয়েয়াওয়াডি ইউনাইটেডের নারী ফুটবল দলের কার্যক্রম শুরু হয়েছে। আর নিজেদের দ্বিতীয় মৌসুমে এসেই অপরাজিত চ্যাম্পিয়ন হয় দলটি। সেখানে জাপান ও ফিলিপিন্সের ফুটবলাররাও খেলছেন। তবে লিগ শুরুর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য সাফ নারী চ্যাম্পিয়নশিপ শেষে ১২ জুন মিয়ানমারে যেতে পারেন ঋতুপর্ণা।
তবে সেখানে খেলা নিয়েও অনিশ্চিয়তা রয়েছে। কেননা জুনে এশিয়ান গেমসের প্রস্তুতি নেবে বাংলাদেশ। তাই মায়ানমারের লিগ খেলতে বাফুফে থেকে ঋতুপর্ণার অনুমতি পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এ বিষয়ে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ দেশের একটি সংবাদমাধ্যমেকে জানান, সাফ শেষে জুনে এশিয়ান গেমসের প্রস্তুতি রয়েছে। জাতীয় দলের কার্যক্রম থাকলে মিয়ানমারের লিগে খেলার জন্য তখন ঋতুপর্ণাকে অনুমতি নাও দেওয়া হতে পারে।
আগামী ২৫ মে থেকে ৫ জুন ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। এরপরেই ঋতুপর্ণার খেলতে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
ক্রিফোস্পোর্টস/৫মে২৬/বিটি























