
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের পর্দা উঠেছে। আজ (সোমবার) মাঠে গড়িয়েছে প্রথম রাউন্ডের খেলা। যেখানে আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন মারকুটে ব্যাটার সাব্বির রহমান। আজ ডিপিএলের উদ্বোধনী ম্যাচেই আবাহনীর হয়ে ব্যাট হাতে ঝড় তুলেন এই ব্যাটার।
প্রথম রাউন্ডে আবাহনীর প্রতিপক্ষ ছিল ঢাকা লিওপার্ডস। বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে ম্যাচটি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে যায়৷ পরবর্তীতে ম্যাচের দৈর্ঘ্য কমে ৩০ ওভারে গড়ায় ম্যাচ। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে সাব্বিরের ঝোড়ো ফিফটির কল্যাণে ১৮১ রানের পুঁজি পায় আবাহনী।
এদিন ব্যাটিংয়ে নেমে মাত্র ১২ রানেই ২ উইকেট হারায় আবাহনী। জিশান আল্ম ৬ এবং সৌম্য সরকার ডাক মেরে ফেরেন। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও মেহরব হোসেন সমান ৩৮ রান করে যোগ করেন। এরপর অধিনায়ক মোসাদ্দেক হোসেন ১৭ এবং জাকের আলী মাত্র ৫ রান করেই বিদায় নেন। তাতে ২০ ওভারে ১০১ রান তুলতেই ৫ উইকেট হারায় আবাহনী।
এরপরই শুরু হয় সাব্বির ঝড়। মাত্র ২৯ বলে ৫৫ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন সাব্বির। যেখানে ৩ চারের বিপরীতে ৫টি ছক্কার মার ছিল। সাব্বিরের এই ঝোড়ো ইনিংসে ভর করে শেষ ১০ ওভারে ৮০ রান যোগ করে একটি লড়াকু পুঁজি পায় আবাহনী।
তবে এই পুঁজি নিয়েও জিততে পারেনি সাব্বিররা। ঢাকা লিওপার্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে তারা। দলের হয়ে ৬৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৪ রানের এক ইনিংস খেলেন জাকির হাসান। এছাড়া জাওয়াদ আবরার ১৮ বলে ২৩, সৈকত আলী ২৯ বলে ২৮ এবং মোহাম্মদ মিথুন ৪০ বলে ৩৭ রান করেন।
আবাহনীর হয়ে ২ ওভারে ৯ রান দিয়ে ২টি উইকেট নেন জিশান আলম। এছাড়া একটি করে উইকেট নেন মোসাদ্দেক, মেহরব ও রাব্বি। এর আগে ঢাকা লিওপার্ডসের হয়ে মঈন খান ৩টি, আল ফাহাদ ২টি এবং হাসান মুরাদ, আলাউদ্দিন বাবু ও মেহেদি হাসান একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
আবাহনী লিমিটেড : ১৮১/৮ (৩০ ওভার)
ঢাকা লিওপার্ডস : ১৮৪/৫ (২৯.১ ওভার)
ফলাফল : ঢাকা লিওপার্ডস ৫ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৪মে২৬/বিটি




















