
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দূর্নীতি ও অনিয়ম নিয়ে অতীতে অনেক অভিযোগ উঠেছে। যেখানে কোনো কোনো দলকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও ছিল। তবে আগামীতে ঘরোয়া ক্রিকেটে অনিময় ও দুর্নীতির কোনো ঘটনা ঘটবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।
কোনো দল বাড়তি সুবিধা পেলে, সেই দলকে ‘কমিটির টিম’ হিসেবে আখ্যা দিয়ে থাকেন অনেকে। তবে তামিম জানিয়ে দিয়েছেন, সামনে এ ধরনের কিছু ঘটবে না। তিনি বিসিবির দায়িত্বে থাকাকালী ঘরোয়া ক্রিকেটে কোনো দল বাড়তি সুবিধা পাবে না।
আজ সোমবার (৪ মে) থেকে মাঠে গড়িয়েছে দেশের লিস্ট-এ ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। ঢাকার ৬টি আলাদা ভেন্যুতে মাঠে গড়িয়েছে এই খেলা। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে উপস্থিত ছিলেন তামিম৷ এ সময় ‘কমিটির টিম’ ইস্যুতে বিসিবি প্রধান বলেন, ‘এখন কোনো কমিটি টিম নেই, তাই না? কমিটি টিম এখন আর কোনো সমস্যা নয়।’
তামিমের মতে, কমিটির টিম ইস্যু দেখিয়ে প্রতিপক্ষও এর সুযোগ নেয়। কোনো অনিয়ম কিংবা দুর্নীতি না হলেও এই ইস্যুটি সামনে আনা হয়। তাই আগামীতে এমন কিছু ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি প্রধান।
তামিম বলেন, ‘যেহেতু অতীতে এসব নিয়ে আলোচনা হয়েছে, তাই প্রতিপক্ষ দলগুলোও এর সুযোগ নেয়। এমনকি কিছু না ঘটলেও, যেহেতু বিষয়টি প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই এটি অনেকেই বলে থাকেন। আমি আশা করি আমার অধীনে এই ধরনের কিছু ঘটবে না। এখানে সবাই সমান এবং সবাই সমান সুযোগ পাবে।’
এছাড়া দেশের ক্রিকেটে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তামিম বলেন, ‘আমি বিসিবিতে শুধু আনন্দ করতে আসিনি। গত ১৭-১৮ বছর ধরে আমি ক্রিকেটার হিসেবে অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি। এখন বিসিবিতে এসে যদি সেগুলো সংশোধন না করি, তাহলে আমার আগের কথাগুলো মূল্যহীন হয়ে যাবে।’
ক্রিফোস্পোর্টস/৪মে২৬/বিটি




















