Connect with us
ক্রিকেট

ক্লিনারদের টাকা আত্মসাৎে জড়িতদের কঠোর হুঁশিয়ারি তামিমের

Tamim
বিসিবিতে তামিমের কঠোর হুঁশিয়ারি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তামিম ইকবাল। বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন থেকে অর্থ কেটে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। গরিব কর্মীদের প্রাপ্য অর্থ আত্মসাৎকে বড় অপরাধ হিসেবে উল্লেখ করে তামিম স্পষ্ট জানিয়েছেন, এমন কাজের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, বোর্ডের পরিচ্ছন্নতা কর্মীদের দৈনিক ৬৫০ টাকা পাওয়ার কথা থাকলেও তারা হাতে পাচ্ছিলেন মাত্র ৩০০ টাকা। বাকি অর্থ মধ্যস্বত্বভোগী একটি পক্ষ নিয়ে নিচ্ছিল, যারা সরাসরি কোনো কাজই করছিল না।

তামিমের মতে, যারা কঠোর পরিশ্রম করে কাজ করছেন, তাদের প্রাপ্য অর্থ অন্য কেউ অন্যায়ভাবে নিয়ে নেবে, এটি মেনে নেওয়া যায় না। তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের অধিকার নষ্ট করা অত্যন্ত গুরুতর অপরাধ।



এই পরিস্থিতি বদলাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও আর্থিক বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে তিনি নির্দেশ দিয়েছেন, ভবিষ্যতে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন সরাসরি তাদের নিজস্ব ব্যাংক হিসাবে পাঠাতে হবে। এতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকবে না।

তামিম আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানকে স্পষ্টভাবে বলা হয়েছে, কর্মীদের প্রকৃত প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে হবে। অন্যথায় তাদের চুক্তি বাতিল করে কালো তালিকাভুক্ত করা হবে।

তদন্তে আরও দেখা গেছে, অনেক কর্মী নিয়মিত কাজ করলেও আনুষ্ঠানিক তালিকায় তাদের নাম নেই। বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তামিম। তিনি বলেন, যাদের সীমিত আয়ে পরিবার চলে, তাদের বেতন থেকে সামান্য অংশ কেটে নেওয়াও গুরুতর অন্যায়।

দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থেকে বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলার কথা স্মরণ করিয়ে দিয়ে তামিম বলেন, দায়িত্বে এসে সেই সমস্যাগুলো সমাধানে কাজ না করলে তার আগের অবস্থানের মূল্য থাকবে না।

তিনি বোর্ডে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মতে, ভুল হতে পারে, কিন্তু ইচ্ছাকৃত দুর্নীতি বা অন্যায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিসিবির ভেতরে দুর্নীতির বিরুদ্ধে তামিমের এই কঠোর অবস্থান বোর্ড প্রশাসনে ইতিবাচক পরিবর্তনের বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মীদের অধিকার রক্ষায় তার উদ্যোগ নতুনভাবে আলোচনায় এসেছে।

ক্রিফোস্পোর্টস/৪মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট