
পাকিস্তান সুপার লিগে একই দলে খেললেও খুব শিগগিরই প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন বাবর আজম ও নাহিদ রানা। বাংলাদেশ ও পাকিস্তানের আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে নাহিদ রানার গতি ও বোলিং নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
পিএসএলে পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ফাইনালসহ পুরো আসরেই নিজের গতি, নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতা দিয়ে নজর কাড়েন তিনি। দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডানহাতি পেসার।
শিরোপা জয়ের পর দলের সতীর্থ অ্যারন হার্ডি নাহিদকে নিয়ে বড় মন্তব্য করেন। তিনি বলেন, নাহিদ দলে ফিরেই অসাধারণ গতিতে বোলিং করেছে। মাত্র কয়েক দিনের প্রস্তুতিতেই সে এমন গতি তুলেছে যা যেকোনো ব্যাটারের জন্য কঠিন চ্যালেঞ্জ। হার্ডির মতে, করাচিতে ১৫১ কিলোমিটার গতিতে বল করতে দেখা গেছে নাহিদকে, যা তাকে আরও ভয়ংকর করে তুলেছে।
হার্ডি মনে করেন, সামনে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে বাবর আজমের জন্য নাহিদ বড় পরীক্ষা হতে পারেন। তার মতে, বাবর নিশ্চয়ই নাহিদের মুখোমুখি হতে খুব স্বস্তি বোধ করবেন না।
পিএসএলে বাবরের অধিনায়কত্বে খেলা নাহিদ সম্পর্কে বাবরের ধারণাও তাই স্পষ্ট। সতীর্থ হিসেবে নাহিদের শক্তি ও সামর্থ্য কাছ থেকে দেখেছেন তিনি। এখন আন্তর্জাতিক ক্রিকেটে সেই শক্তির বিপক্ষেই দাঁড়াতে হবে পাকিস্তানের সাবেক অধিনায়ককে।
গত মৌসুমে পেশোয়ারে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি নাহিদ। তবে এবার সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন তিনি। শিরোপা জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে নাহিদ বলেন, এবারের আসর তিনি দারুণভাবে উপভোগ করেছেন। সুযোগ পেয়ে নিজের পরিকল্পনা সফলভাবে কাজে লাগাতে পেরে তিনি আনন্দিত।
বাংলাদেশ দলের হয়েও সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন নাহিদ রানা। টানা ভালো পারফরম্যান্সের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি।
পিএসএলের মঞ্চে নিজেকে প্রমাণ করার পর এখন আন্তর্জাতিক ক্রিকেটে আরও বড় পরীক্ষার অপেক্ষায় নাহিদ। আর সেই পরীক্ষায় বাবর আজমের মতো বিশ্বমানের ব্যাটারদের বিপক্ষে তার লড়াই দেখার অপেক্ষায় থাকবে দুই দেশের ক্রিকেটভক্তরা।
ক্রিফোস্পোর্টস/৪মে২৬/টিএ




















