
ইতালির শীর্ষ ফুটবল লিগে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনল ইন্টার মিলান। ঘরের মাঠ সান সিরোতে পার্মাকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই সেরি আ শিরোপা নিশ্চিত করেছে দলটি।
ম্যাচ শুরুর আগেই ইন্টার সমর্থকদের মধ্যে ছিল উৎসবের আবহ। শিরোপা নিশ্চিত করতে তাদের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। তবে ড্র নয়, জয় দিয়েই শিরোপা উদযাপন করেছে ক্রিস্তিয়ান কিভুর দল।
প্রথমার্ধে মার্কাস থুরামের গোলে এগিয়ে যায় ইন্টার। এরপর ম্যাচের শেষ দিকে হেনরিখ মিখিতারিয়ান দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন।
এই জয়ে ৩৫ ম্যাচ শেষে ইন্টারের পয়েন্ট দাঁড়িয়েছে ৮২। এখন পর্যন্ত ২৬টি জয় ও ৪টি ড্র করেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সংগ্রহ ৭০ পয়েন্ট। ফলে বাকি ম্যাচগুলোতে আর ইন্টারকে ধরা সম্ভব নয়।
এটি ইন্টার মিলানের ইতিহাসে ২১তম ইতালিয়ান লিগ শিরোপা। সবচেয়ে বেশি ৩৬টি শিরোপা নিয়ে এখনো শীর্ষে রয়েছে ইউভেন্তুস। তবে দ্বিতীয় সফলতম দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ইন্টার।
গত মৌসুমে শিরোপা হাতছাড়া হলেও এবার দারুণ ধারাবাহিকতায় আবারও শীর্ষে ফিরেছে দলটি। পুরো মৌসুমজুড়ে আক্রমণভাগ ও রক্ষণভাগে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স তাদের সাফল্যের বড় কারণ।
পয়েন্ট তালিকায় এসি মিলান ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ইউভেন্তুস ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। কোমো ৬২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে।
অন্যদিকে পার্মা ৩৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে রয়েছে ১২তম স্থানে।
এক মৌসুম বিরতির পর আবারও ইতালির সেরা হওয়ার আনন্দে মেতেছে ইন্টার মিলান। ঘরের মাঠে সমর্থকদের সামনে শিরোপা নিশ্চিত করায় উদযাপনটাও হয়েছে আরও বিশেষ।
ক্রিফোস্পোর্টস/৪মে২৬/টিএ




















