Connect with us
ক্রিকেট

ডিপিএল খেলে অনেকে পরিবার চালায়, এটা জরুরি ছিল : হৃদয়

Tawhid Hridoy
তাওহীদ হৃদয়। ছবি- আইসিসি

নানা জল্পনার পর অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। আগামী সোমবার (৪ মে) মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে ১২টি দলই খেলবে। ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচ।

এবারের ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন তাওহীদ হৃদয়। টুর্নামেন্ট শুরুর আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভাবনা জানিয়েছেন হৃদয়। অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ডিপিএল মাঠে গড়ানোয় ক্রিকেটারদের মাঝে স্বস্তি ফিরেছে বলে মনে করেন তিনি। তাছাড়া এই টুর্নামেন্ট দিয়ে অনেক ক্রিকেটারের রুটিরুজির ব্যবস্থা হয়ে থাকে বলেও মন্তব্য করেন জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটার।

হৃদয় বলেন, ‘প্রত্যেকটা ক্রিকেটারের জন্য এই টুর্নামেন্টটা অনেক জরুরি ছিল। থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনের প্লেয়াররাও খেলতে পারেনি। আমরা প্রিমিয়ার লিগের কিছু প্লেয়ার ফার্স্ট ক্লাস খেলি। এর বাইরেও ঘরোয়াতে কোনো না কোনো টুর্নামেন্ট খেলি। কিন্তু যারা সেকেন্ড ডিভিশন কিংবা থার্ড ডিভিশনে খেলে, তারা খেলতে পারছে না। তাদের জন্য অবশ্যই এটা কষ্টের বিষয়। আমার মনে হয় অনেক প্লেয়ার আছে যারা এই টুর্নামেন্টটা খেলে পরিবার চালায়। আশা করছি সামনে তাদের জন্য ভালো সুযোগ করে দেবে বিসিবি।’



হৃদয় মনে করেন, টুর্নামেন্ট না হলে খেলোয়াড়রাও সুযোগ হারায়। একইসঙ্গে ভালো খেলোয়াড় উঠে আসার সম্ভাবনাও কমে যায়। এই ব্যাটার বলেন, ‘এই টুর্নামেন্টটা আমাদের সবার জন্য অনেক জরুরি ছিল। যদি টুর্নামেন্ট না হয়, সেক্ষেত্রে প্লেয়ারদের যেমন একটা সুযোগ নষ্ট হয়, তেমনি ভালো ভালো প্লেয়ারগুলোও উঠে আসার সম্ভাবনা কমে যায়।’

এদিকে নিজ দল মোহামেডান কাগজে-কলমে ভালো হয়েছে বলে মনে করেন হৃদয়। তবে মাঠে পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এই তারকা বলেন, ‘আল্লাহর রহমতে আমাদের দলটা ভালোই হয়েছে। কাগজে কলমে অনেক ভালো দল আছে। আমাদের দলটাও ভালো হয়েছে। তবে মাঠে যে দলটা ভালো পারফর্ম করবে, সেই দলটাই ভালো ফলাফল করবে।’

আগামীকাল সকাল ৯টায় ৬টি ভেন্যুতে শুরু হবে প্রথম রাউন্ডের ছয় ম্যাচ। প্রথম রাউন্ডে মোহামেডানের প্রতিপক্ষ সিটি ক্লাব। সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/৩মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট