Connect with us
ফুটবল

কষ্টার্জিত জয়ে শিরোপার আরও কাছাকাছি বার্সেলোনা

ফাইনালের কাছাকাছি বার্সা। ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপা ধরে রাখার পথে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। শনিবার রাতে ওসাসুনার মাঠে কঠিন লড়াইয়ের ম্যাচে ২-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচের বেশির ভাগ সময় বলের দখল নিজেদের কাছে রাখলেও শুরুতে খুব বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি বার্সেলোনা। প্রথমার্ধে দুই দলই তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। তবে ৩৬তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিল ওসাসুনা। আন্তে বুদিমিরের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপরও তারা চাপ তৈরি করলেও গোল পায়নি।

দ্বিতীয়ার্ধেও শুরুতে বার্সেলোনার আক্রমণে ধার ছিল না। ম্যাচে গতি আনতে ৬২তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন কোচ হান্সি ফ্লিক। এরপরই বদলে যায় ম্যাচের চিত্র।



৮১তম মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের দারুণ ক্রস থেকে মাথা ছুঁইয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন রবের্ত লেভানদোভস্কি। চলতি লিগে এটি পোলিশ তারকার ১৩তম গোল।

পাঁচ মিনিট পর ব্যবধান আরও বাড়ান ফেররান তরেস। ফের্মিন লোপেসের পাস থেকে দারুণ শটে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ার পর হাল ছাড়েনি ওসাসুনা। রাউল গার্সিয়ার হেডে একটি গোল শোধ করে তারা। এরপর শেষ কয়েক মিনিটে চাপ তৈরি হলেও সমতা ফেরাতে পারেনি স্বাগতিকরা।

এই জয়ে ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রেয়াল মাদ্রিদ।

রোববার এস্পানিওলের বিপক্ষে রেয়াল মাদ্রিদ জিততে না পারলে বার্সেলোনার শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে। আর তা না হলে আগামী সপ্তাহের ক্লাসিকোয় হার এড়ালেই ট্রফি নিশ্চিত করবে কাতালানরা।

অন্যদিকে ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে ওসাসুনা।

ক্রিফোস্পোর্টস/৩মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল