
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজি মালিকানায় বড় বড় তারকাদের অংশগ্রহণে আলোচনায় এসেছে নতুন এই প্রতিযোগিতা। এবার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি, উইকেটরক্ষক ব্যাটার হাইনরিখ ক্লাসেন এবং কিংবদন্তি জন্টি রোডস মিলে কিনেছেন ‘রটারডাম ডকার্স’ দলের মালিকানা।
চলতি বছরের শেষ দিকে শুরু হতে যাওয়া এই নতুন টি-টোয়েন্টি লিগের অন্যতম সহপ্রতিষ্ঠাতা বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। ইউরোপের ছয়টি শহর নিয়ে গড়ে উঠছে এই প্রতিযোগিতা, যেখানে মোট ছয়টি দল অংশ নেবে।
রটারডাম ডকার্সের মালিক হওয়ার পাশাপাশি দলটির নেতৃত্বও দেবেন ফাফ দু প্লেসি। ফলে তিনি একসঙ্গে খেলোয়াড় ও মালিক, দুই ভূমিকাতেই থাকবেন।
নতুন এই লিগে শুধু দু প্লেসিরাই নন, আরও অনেক সাবেক ও বর্তমান ক্রিকেট তারকা বিভিন্ন দলের মালিকানার সঙ্গে যুক্ত হয়েছেন। আমস্টারডাম দলের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। বেলফাস্ট দলের মালিকানায় যুক্ত হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। গ্লাসগো দলের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল।
ফাফ দু প্লেসি জানিয়েছেন, নতুন একটি লিগের শুরু থেকেই যুক্ত হতে পারা তাঁর জন্য বিশেষ অভিজ্ঞতা। তাঁর মতে, বিশ্বজুড়ে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ থাকলেও ইউরোপের এই প্রতিযোগিতায় নতুন সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আইপিএল এখনো বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা। আর্থিক শক্তি ও জনপ্রিয়তায় অন্য কোনো লিগ তার সমকক্ষ নয়। তবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগও ভবিষ্যতে নিজেদের জায়গা তৈরি করতে পারে।
আগামী ২৬ আগস্ট শুরু হওয়ার কথা এই প্রতিযোগিতার প্রথম আসর। টুর্নামেন্টে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা হবে গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডামে।
নতুন এই লিগে তারকা খেলোয়াড়দের অংশগ্রহণ ও মালিকানার কারণে শুরু থেকেই ক্রিকেট বিশ্বে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
ক্রিফোস্পোর্টস/১মে২৬/টিএ




















