Connect with us
ফুটবল

যুক্তরাষ্ট্রের মাটিতেই বিশ্বকাপ খেলবে ইরান, জানালেন ফিফা সভাপতি

Fifa 2026
বিশ্বকাপে অংশ নেবে ইরান। ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আবারও স্পষ্ট করে জানিয়েছেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরান অংশ নেবে এবং তাদের নির্ধারিত ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। রাজনৈতিক উত্তেজনা বা কূটনৈতিক জটিলতার কারণে ইরানের ম্যাচ সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না বলেও নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে ইনফান্তিনো বলেন, ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি জোর দিয়ে জানান, ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে এবং তাদের ম্যাচ যুক্তরাষ্ট্রের ভেন্যুতেই হবে।

আগামী ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। ৪৮ দলের এই টুর্নামেন্টে অংশ নেওয়া দেশগুলোর খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের একাধিক দেশে যাতায়াত করতে হবে। এতে কিছু দেশের জন্য ভিসা, নিরাপত্তা ও রাজনৈতিক সম্পর্ক বড় বিষয় হয়ে উঠছে।



এশিয়ান বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরান। তবে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ আগে থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বিদ্যমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিশ্বকাপ চলাকালে বাড়তি চাপ তৈরি করতে পারে।

আসন্ন বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে ইরান। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে।

ইরান চাইলে বিকল্প ভেন্যুর সুযোগ পেতে পারে বলে আলোচনা থাকলেও ফিফা সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচিই বহাল থাকবে এবং সব দলকে সেই অনুযায়ী খেলতে হবে।

বিশ্বকাপের নকআউট পর্বেও ইরানের সামনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে। যদি দুই দল নিজ নিজ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে, তাহলে ৩ জুলাই ডালাসে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, ইরানের খেলোয়াড়দের অংশগ্রহণে তারা বাধা দেবে না। তবে নিরাপত্তাজনিত কারণে কিছু নির্দিষ্ট ব্যক্তি বা সামরিক সংশ্লিষ্ট সদস্যদের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে।

সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা থাকলেও ফিফা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের ক্ষেত্রে ইরানের জন্য আলাদা কোনো নিয়ম থাকছে না। নির্ধারিত সূচি মেনেই যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের ম্যাচ খেলবে দেশটি।

ক্রিফোস্পোর্টস/১মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল