
আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের আধিপত্য দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। বড় রান এখন আর নিরাপদ নয়, সেরা বোলাররাও নিয়মিত মার খাচ্ছেন। এমন বাস্তবতায় ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে এখন বড় ব্যবসা হিসেবেই দেখছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
সানরাইজার্স হায়দরাবাদের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা মুরালিধরন মনে করেন, বর্তমান ক্রিকেটে বোলারদের জন্য পরিস্থিতি অনেক কঠিন হয়ে গেছে। তাঁর মতে, এখনকার ব্যাটসম্যানরা শুরু থেকেই আক্রমণাত্মক এবং তারা বলের ধরন বিচার না করেই বড় শট খেলতে প্রস্তুত থাকে।
তিনি বলেন, আগে প্রথম ছয় ওভারে ৪০ থেকে ৫০ রান ভালো সংগ্রহ হিসেবে ধরা হতো, কিন্তু এখন সেই জায়গায় ৭০ থেকে ৮০ রানও সাধারণ হয়ে গেছে। ফলে বোলারদের মার খাওয়ার বিষয়টি মেনে নিয়েই নিজেদের মানিয়ে নিতে হচ্ছে।
মুরালিধরনের মতে, টি-টোয়েন্টি ক্রিকেট এখন মূলত দর্শক বিনোদনকেন্দ্রিক। দর্শকরা চার-ছক্কা দেখতে চায়, আর টুর্নামেন্ট আয়োজকেরাও সেই চাহিদাকেই গুরুত্ব দিচ্ছে। বড় স্পনসর, দর্শক আগ্রহ এবং বাণিজ্যিক সফলতার কারণে খেলার ধরন এমনভাবে গড়ে উঠেছে যেখানে ব্যাটারদের সুবিধা বেশি।
তিনি আরও বলেন, যদি উইকেট বোলারদের সহায়ক করা হয়, তাহলে দর্শকদের আগ্রহ কমে যেতে পারে। তাই ব্যাট ও বলের পুরোপুরি সমান লড়াই এখন বাস্তবসম্মত নয়।
তরুণ ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসও আগের তুলনায় অনেক বেশি বলে মনে করেন মুরালিধরন। তাঁর মতে, এখনকার তরুণরা বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধেও নির্ভয়ে বড় শট খেলছে।
স্পিন বোলিং নিয়েও কিছুটা হতাশা প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, বর্তমান প্রজন্মের অনেক স্পিনার বল ঘোরানোর চেয়ে গতির ওপর বেশি নির্ভর করছে, যা দীর্ঘমেয়াদে কার্যকর নয়।
সব মিলিয়ে মুরালিধরনের বিশ্বাস, টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের আধিপত্য ভবিষ্যতেও থাকবে। বোলারদের টিকে থাকতে হলে আরও দক্ষতা, অনুশীলন ও নতুন কৌশল নিয়ে এগোতে হবে।
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৬/টিএ



















