
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসান আবার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে থাকলেও তিনি মনে করছেন, চলতি বছরের শেষের দিকেই দেশে ফেরার পথ তৈরি হতে পারে। একই সঙ্গে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবালের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান খুঁজে বের করারও ইঙ্গিত দিয়েছেন সাবেক এই অধিনায়ক।
সর্বশেষ ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের সময় জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব। তবে তখনও দেশে ফেরার সুযোগ তৈরি হয়নি। পরবর্তীতে বোর্ডে পরিবর্তন এলেও পরিস্থিতির বড় পরিবর্তন হয়নি। এখন বোর্ডের দায়িত্বে তাঁর দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল থাকায় নতুন সম্ভাবনা দেখছেন সাকিব।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে এবং সেই কারণেই তিনি এখনো আশাবাদী। তাঁর ভাষায়, দেশে ফিরতেই হবে, শুধু সময়টাই এখন বড় প্রশ্ন।
সাকিব জানান, তিনি খুব বেশি দূরের পরিকল্পনা করছেন না। প্রতিদিন পরিবারকে নিয়ে স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি যখনই খেলার সুযোগ পাচ্ছেন, সেটি কাজে লাগাচ্ছেন। তবে জাতীয় দলে ফেরা বা দেশে ফেরার বিষয়টি পুরোপুরি তাঁর নিয়ন্ত্রণে নেই বলেও স্বীকার করেছেন তিনি।
তাঁর আশা, বছরের শেষের মধ্যে পরিস্থিতি ইতিবাচক দিকে যাবে। এ বিষয়ে তামিম ইকবালের সঙ্গে এখনো আনুষ্ঠানিক আলোচনা না হলেও খুব শিগগিরই বসে সমাধানের চেষ্টা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
সাকিবের বক্তব্যে স্পষ্ট, তিনি বাংলাদেশ ক্রিকেট থেকে নিজেকে দূরে ভাবছেন না। বরং দেশের মাটিতে ফিরে আবারও নিজের অবস্থান স্বাভাবিক করার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তন দ্রুত ঘটে বলেই বিশ্বাস করেন সাকিব। সেই কারণেই তিনি অপেক্ষা করছেন অনুকূল সময়ের, যখন দেশে ফিরে নতুনভাবে নিজের অধ্যায় শুরু করতে পারবেন।
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৬/টিএ




















