Connect with us
ক্রিকেট

দুই ধরনের উইকেটের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

Pakistan are coming to Bangladesh prepared for two types of wickets.
পাকিস্তান টেস্ট দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশের উইকেট সাধারণত স্পিন বান্ধব হয়ে থাকে। অতীতে স্পিনারদের কল্যাণেই বড় বড় প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছে টাইগাররা। তবে সাম্প্রতিক সময়ে পেস বান্ধব উইকেটও তৈরি করছে বাংলাদেশ। গত কয়েকটি সিরিজে স্পিনারদের তুলনায় পেসাররাই বেশি দাপট দেখিয়েছে। 

মূলত পেস বিভাগে উন্নতি এবং দেশের বাইরে সিরিজ কিংবা টুর্নামেন্টে সাফল্য পেতেই পেস বান্ধব উইকেটের দিকে ঝুকছে বাংলাদেশ। বিশেষ করে মিরপুরে স্পিন বান্ধব উইকেটে খেলে অভ্যস্ত হওয়ার কারণে দেশের বাইরে গিয়ে সুবিধা করতে পারেনা টাইগাররা। তাই মিরপুরেও পেস বান্ধব উইকেট বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।

আগামী মাসের শুরুতেই দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। যার একটি টেস্ট হবে মিরপুরে, আরেকটি হবে সিলেটে। তবে টেস্ট সিরিজ খেলতে আসার আগে বাংলাদেশের এই স্পিন থেকে পেস বান্ধব উইকেট বানানোর প্রক্রিয়া নিয়ে বিপাকে পড়েছে পাকিস্তান। এই সফরে স্পিন নাকি পেস বিভাগকে গুরুত্ব দেবে, সেটা নিয়ে দ্বিধায় পড়েছে তারা। তাই দুই ধরনের উইকেটের প্রস্তুতি নিয়েই বাংলাদেশ সফরে আসবে দলটি।



এ নিয়ে পাকিস্তান টেস্ট দলে প্রধান কোচ সরফরাজ আহমেদ বলেন, ‘বাংলাদেশের কন্ডিশনের কথা মাথায় রেখেই আমরা করাচিতে প্রস্তুতি ক্যাম্প করছি। এখানকার সঙ্গে বাংলাদেশের আবহাওয়ার অনেক মিল আছে। বাংলাদেশে কী ধরনের উইকেট হবে সেটা বিবেচনায় রেখেই আমরা ক্রিকেটারদের প্রস্তুত করছি।’

স্পিন ও পেস দুই ধরনের উইকেটের প্রস্তুতি প্রসঙ্গে সরফরাজ বলেন, ‘পেস কিংবা স্পিন- দুই ধরনের উইকেটের জন্যই আমরা ক্রিকেটারদের প্রস্তুত করছি। আমরা এখানে দুইটা সেশনে ভাগ করে অনুশীলন চালিয়ে যাচ্ছি। একটা সেশনে নেটে ব্যাটিং কিংবা বোলিং অনুশীলন হচ্ছে। আরেকটা সেশনে ফিল্ডিং অনুশীলন চলছে।’

করাচিতে পাকিস্তানের এই প্রস্তুতি ক্যাম্প চলবে ১ মে পর্যন্ত। এরপর ৩ মে ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। ৮-১২ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর সিলেটে পাড়ি জমাবে দুই দল। ১৬-২০ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট