
পাকিস্তান সুপার লিগে আবারও নিজের সেরা ছন্দের প্রমাণ দিলেন বাবর আজম। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে দারুণ এক সেঞ্চুরি করে পেশোয়ার জালমিকে ফাইনালে তুলেছেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়কের দায়িত্বশীল ইনিংস শুধু দলকে জিতিয়েইনি, বাবরের ব্যক্তিগত রেকর্ডের তালিকাও আরও সমৃদ্ধ করেছে।
করাচিতে ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বাবর। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। ৫৯ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ গড়ে পেশোয়ার জালমি। পরে বোলারদের দাপটে ইসলামাবাদকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি।
এই সেঞ্চুরি ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের ১৩তম শতক। অধিনায়ক হিসেবে এটি তার নবম সেঞ্চুরি, যা তাকে এই সংস্করণে নেতৃত্বে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক করেছে। এর মাধ্যমে তিনি নতুন একটি রেকর্ড গড়েছেন।
ম্যাচ শেষে বাবর জানান, তিনি আবার নিজের সেরা ফর্ম ফিরে পাচ্ছেন বলে অনুভব করছেন। তিনি বলেন, ব্যাটিংকে সহজ রাখার চেষ্টা করছেন, নিজের দক্ষতার ওপর আস্থা রাখছেন এবং ম্যাচ পরিস্থিতি বুঝে খেলছেন। কোন সময় আক্রমণ করতে হবে, কখন ধৈর্য ধরতে হবে, সেসব বিষয়েই এখন বেশি মনোযোগ দিচ্ছেন।
বাবরের মতে, পিএসএলের আগে করা কঠোর পরিশ্রমই এখন মাঠে ফল দিচ্ছে। কিছু সময় ব্যাটিংয়ে ছন্দ হারালেও তিনি আত্মবিশ্বাস হারাননি। নিয়মিত অনুশীলন ও প্রস্তুতির মাধ্যমে আবারও ধারাবাহিকতা ফিরে পেয়েছেন।
চলতি আসরে বাবরের ব্যাট থেকে নিয়মিত রান আসছে। বড় ম্যাচে তার এই পারফরম্যান্স পেশোয়ার জালমির জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। অধিনায়ক হিসেবে তিনি শুধু নিজে রান করছেন না, দলকেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।
ফাইনালের আগে বাবরের এই ফর্ম জালমির জন্য বাড়তি স্বস্তির খবর। শিরোপা জয়ের লক্ষ্যে তার ধারাবাহিকতা ধরে রাখা এখন দলটির সবচেয়ে বড় প্রত্যাশা। বাবরের ব্যাট যদি এভাবেই কথা বলে, তবে পেশোয়ার জালমির শিরোপা স্বপ্ন আরও শক্তিশালী হবে।
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৬/টিএ




















