
শ্রীলঙ্কা ক্রিকেটে বড় পরিবর্তন এসেছে। দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা এবং নির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। আর্থিক অনিয়মের অভিযোগ, জনসমালোচনা এবং সরকারের চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সরাসরি শাম্মি সিলভাকে পদত্যাগের অনুরোধ জানান। এরপর গত শুক্রবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। এর ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়েন তিনি।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি ছাড়াও নির্বাহী কমিটির সব সদস্য একযোগে পদত্যাগ করেছেন। বিষয়টি সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এখন দেশটির সরকার ক্রিকেট বোর্ড পরিচালনায় একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের পরিকল্পনা করছে। এই কমিটি ক্রিকেট প্রশাসনে সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নের নেতৃত্বে এই কমিটি গঠিত হতে পারে বলে আলোচনা চলছে। পাশাপাশি সাবেক ক্রিকেটার সিদাথ ওয়েত্তিমুনি ও রোশান মহানামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনাও রয়েছে।
২০১৯ সালে প্রথমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি হন শাম্মি সিলভা। এরপর কয়েক দফায় তিনি দায়িত্বে ছিলেন। তার সময়ে শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতলেও জাতীয় দলের ধারাবাহিক সাফল্য ছিল না। বিশেষ করে সাম্প্রতিক বৈশ্বিক প্রতিযোগিতাগুলোতে ব্যর্থতা, র্যাঙ্কিংয়ে অবনতি এবং প্রশাসনিক সমালোচনা বোর্ডের ওপর চাপ বাড়ায়।
শ্রীলঙ্কার ক্রিকেটে দীর্ঘদিন ধরেই স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ছিল। বর্তমান পদত্যাগ সেই সংকটেরই বড় প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষা করছেন, নতুন নেতৃত্ব শ্রীলঙ্কার ক্রিকেটে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে। দেশের ক্রিকেটকে পুনর্গঠনের জন্য আগামী দিনগুলোকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৬/টিএ





















