
ইন্দোনেশিয়ার জাকার্তায় চলছে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব। বাছাইপর্ব থেকে ইতোমধ্যেই ইতিহাস গড়ে মূল পর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। সেমিফাইনালে উঠেই মূল পর্ব নিশ্চিত হয়েছিল তাদের। এবার ফাইনালেও উঠে গেল বাংলাদেশের মেয়েরা।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এশিয়ান গেমস হকির বাছাইপর্বের প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী হকি দল। হ্যাটট্রিক করে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন ফরোয়ার্ড আইরিন আক্তার রিয়া।

হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া। ছবি- এএইচএফ
এদিন ম্যাচের অষ্টম মিনিটেই বাংলাদেশকে এগিয়ে দেন রিয়া। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। চার মিনিট পরেই ম্যাচে সমতা ফেরায় সিঙ্গাপুর। পেনাল্টি কর্নার থেকে গোল পায় দলটি। দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল আসেনি। তাতে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে তৃতীয় কোয়ার্টারে কোনো গোল আসেনি। তাতে ১-১ সমতা নিয়েই ম্যাচ গড়ায় চতুর্থ কোয়ার্টারে। অবশেষে চতুর্থ কোয়ার্টারের শেষের দিকে গিয়ে গোলের দেখা পায় বাংলাদেশ। ম্যাচের ৫৭তম মিনিটে রিয়ার গোলে ফের লিড নেয় বাংলাদেশ। পরের মিনিটেই আবার গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়া।
ম্যাচের ২ মিনিট বাকি থাকতে ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দুই মিনিটে গোল শোধ করার অনেক চেষ্টা চালায় সিঙ্গাপুর। তবে তারা সফল হতে পারেনি। তাতে ৩-১ গোলের ব্যবধানেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। হ্যাটট্রিক করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন রিয়া।
বাছাইয়ের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চাইনিজ তাইপে ও স্বাগতিক ইন্দোনেশিয়া। এই দলের মধ্যে যারা জয়ী হবে তাদের সঙ্গে আগামীকাল বুধবার (২৯ এপ্রিল) ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৬/বিটি






















