Connect with us
ক্রিকেট

স্বর্ণার ফিফটিতেও পারল না বাংলাদেশ, হার দিয়ে শুরু টি-টোয়েন্টি সিরিজ

Despite Swarna’s fifty, Bangladesh begin the T20 series with a defeat.
প্রথম টি-টোয়েন্টিতে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। ছবি- বিসিবি

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের রেশ না কাটতেই এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজেও শুরুটা আশানুরূপ হলো না টাইগ্রেসদের। দেড়শ’র বেশি রানের টার্গেট তাড়া করতে নেমে স্বর্ণা খাতুনের ফিফটির পরও হেরেছে লাল-সবুজের দল।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী দলের কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬১ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।

এদিন রানতাড়ায় নেমে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের কল্যাণে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। পাওয়ারপ্লেকে কাজে লাগিয়ে দ্রুতগতিতে রান তুলতে থাকেন তারা। তবে চতুর্থ ওভারে দলীয় ৩৯ রানের মাথায় জুয়াইরিয়ার বিদায়ে ভেঙে যায় উদ্বোধনী জুটি। ১২ বলে ১৬ রান করে বিদায় নেন এই ওপেনার।



তবে জুয়াইরিয়ার বিদায়ের পর নিমিষেই বদলে যায় ম্যাচের চিত্র। পরের ওভারেই দলীয় ৪০ রানেই একে একে বিদায় নেন শারমি আক্তার সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতি। শারমিন ৫ বল খেলে করে ১ রান। তবে জ্যোতি ২ বল মোকাবিলা করে রানের খাতা খুলতে ব্যর্থ হন। পাওয়ারপ্লের শেষ ওভারে বিদায় নেন দারুণ খেলতে থাকা দিলারাও। ১৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৩ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। তাতে দলীয় ৪ রানেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর পঞ্চম উইকেট জুটিতে ৫০ বলে ৩৯ রান যোগ করেন সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার। ৮৩ রানের মাথায় বিদায় নেন সোবহানা। ২৬ বল মোকাবিলা করে ১৬ রান করেন তিনি। পরবর্তীতে স্বর্ণা একাই লড়াই চালিয়ে যান। তবে অপরপ্রান্ত থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় পঞ্চাশোর্ধ্ব রানের এক ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। ইনিংসের শেষ বলে রানআউট হওয়া এই ব্যাটার ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬০ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন অধিনায়ক চামারি আথাপাথুথু। এছাড়া ২টি করে উইকেটের দেখা পেয়েছেন মালকি মাদারা ও মিথালি বানদারা।

এর আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন হার্শিথা সামারাবিক্রমা। ৩৫ বলের ইনিংসটি ৫ চার ও ২ ছক্কায় সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ বলে ৭ চারের মারে ৫৫ রান করেন ইমেশা দুলানি। এছাড়া আথাপাথুথু ৩০ বলে ৩২ রান করেন।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন সুলতানা খাতুন। এছাড়া মারুফা আক্তার ও নাহিদা আক্তার একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর : 

শ্রীলঙ্কা নারী দল : ১৬১/৪ (২০ ওভার)

বাংলাদেশ নারী দল : ১৩৬/৭ (২০ ওভার)

ফলাফল : শ্রীলঙ্কা নারী দল ২৫ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট