
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে প্রকাশিত হয়েছে অফিশিয়াল স্টিকার অ্যালবাম। বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে এই অ্যালবাম ঘিরে থাকে বিশেষ আগ্রহ। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে নতুন এই সংস্করণ প্রকাশের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের অনুপস্থিতি।
আগামী বিশ্বকাপে ৪৮টি দল অংশ নিচ্ছে। সেই অনুযায়ী অ্যালবামটি হয়েছে আগের যেকোনো সময়ের তুলনায় বড় ও বিস্তারিত। এতে মোট ৯৮০টি স্টিকার রয়েছে, যেখানে খেলোয়াড়দের ছবি সংগ্রহ করে পূর্ণ অ্যালবাম সম্পন্ন করতে হয়।
অ্যালবামে জায়গা পেয়েছেন বিশ্ব ফুটবলের বড় তারকারা। আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং স্পেনের তরুণ প্রতিভা লামিন ইয়ামাল রয়েছেন তালিকায়। তবে দীর্ঘদিন ধরে বিশ্বকাপ অ্যালবামের পরিচিত মুখ থাকা নেইমার এবার নেই।
নেইমারের অনুপস্থিতি নিয়ে ব্রাজিল সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। কারণ ২০১০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপ অ্যালবামে তিনি ছিলেন ব্রাজিলের অন্যতম প্রধান মুখ। এবার তার জায়গায় ব্রাজিল দলে দেখা যাচ্ছে নতুন প্রজন্মের খেলোয়াড়দের, যারা ভবিষ্যতের ভরসা হিসেবে বিবেচিত হচ্ছেন।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চোটে ভোগা এবং জাতীয় দলে অনিয়মিত হওয়াই নেইমারের অ্যালবামে জায়গা না পাওয়ার মূল কারণ। ফলে নতুন করে আলোচনায় এসেছে তার ভবিষ্যৎ ও বিশ্বকাপে খেলার সম্ভাবনা।
আর্জেন্টিনা দলে অবশ্য নিয়মিত মুখ হিসেবে আবারও রয়েছেন মেসি। তবে এটিই তার শেষ বিশ্বকাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে কিছু পরিচিত খেলোয়াড় এবার অ্যালবামে জায়গা না পেলেও নতুন অনেক ফুটবলার প্রথমবারের মতো জায়গা পেয়েছেন।
সব মিলিয়ে নতুন স্টিকার অ্যালবাম বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে নেইমারের অনুপস্থিতি এবারের সংস্করণে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এদিকে বিশ্বকাপ দলে জায়গা পাকাপোক্ত করে নেওয়ার জন্য সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। সর্বশেষ ইনজুরিতে নিজেকে ফিট রাখার জন্য অস্ত্রোপচারও করেছেন। সবমিলে নেইমারের বিশ্বকাপ ভাগ্য এখন নির্ভর করছে শারীরিক ফিটনেস ও কোচের সিদ্ধান্তের ওপর।
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৬/টিএ





















